ঢাকায় রাশিয়ার জাতীয় দিবস উদ্‌যাপন


ঢাকায় রাশিয়ার দূতাবাস রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে একটি অভ্যর্থনার আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সংসদ সদস্য, কূটনীতিক, সামরিক বাহিনীর সদস্য, সাংবাদিক এবং সোভিয়েত ও রাশিয়ার বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাপ্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে রাশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স ভায়াচেস্লাভ সেন্টিউরিন চলতি বছরের প্রথমার্ধে রাশিয়া-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালুর অগ্রগতিকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. নজরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি রাশিয়ার বৌদ্ধিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেন। পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্র থেকে আগত আলাবুগা ফোক সং অ্যান্ড ড্যান্স এনসেম্বলের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। তারা নিজেদের অঞ্চলের লোকনৃত্য, বাদ্যযন্ত্র পরিবেশনা এবং আধুনিক ও ঐতিহ্যবাহী সংগীত পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *