সাংস্কৃতিক ঐতিহ্য ও সফট পাওয়ার বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক কূটনীতিতে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয় পরিচিতি এবং সফট পাওয়ারের গুরুত্ব তুলে ধরেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।

শনিবার (১৩ই জুন) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্স ২০২৬’-এর ‘থিমেটিক থ্রি : দ্য নিউ স্টেজ — গর্ভমেন্ট পলিসি, এআই, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ এন্ড স্পের্টস’ শীর্ষক প্লেনারি সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে বাণিজ্য ও বিনিয়োগের সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক সূচকের ওপর নির্ভর করে না। একটি দেশের সাংস্কৃতিক পরিচয়, মূল্যবোধ এবং আন্তর্জাতিক ভাবমূর্তিও বিনিয়োগকারীদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

তিনি বলেন, বাংলাদেশের সংগীত, সাহিত্য, চলচ্চিত্র, ঐতিহ্য ও সৃজনশীল শিল্প বিশ্বে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে পারে। একই সঙ্গে এসব খাত দীর্ঘমেয়াদি সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতেও ভূমিকা রাখতে সক্ষম।

আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বিশ্বব্যাপী সৃজনশীল শিল্প এখন অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের অন্যতম প্রধান খাতে পরিণত হয়েছে। বাংলাদেশও তার সাংস্কৃতিক সম্পদকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করার লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও অবকাঠামো উন্নয়নে কাজ করছে।

তিনি আন্তর্জাতিক অংশীদার ও বিনিয়োগকারীদের বাংলাদেশের সৃজনশীল শিল্প, সাংস্কৃতিক পর্যটন এবং বিভিন্ন যৌথ উদ্যোগে বিনিয়োগ ও অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) রেহান আসিফ আসাদ।

সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধি, কূটনীতিক, সরকারি কর্মকর্তা, অর্থনীতিবিদ এবং সৃজনশীল ও ক্রীড়া খাতের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বাংলাদেশে বিনিয়োগ, প্রযুক্তি, সৃজনশীল শিল্প এবং ক্রীড়া খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *