পেন্টাগনের নতুন ইউএফও নথিতে রহস্যময় উজ্জ্বল গোলক, প্রকাশ পেল এফবিআই-এর সাক্ষ্য ও ভিডিও

৭২টি নতুন নথি প্রকাশ; উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রে লাল ও সাদা গোলক দেখার একাধিক ঘটনার বিবরণ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন আরও ৭২টি ইউএফও বা ইউএপি -সংক্রান্ত নথি প্রকাশ করেছে। শুক্রবার (১২ই জুন) প্রকাশিত এই নথিগুলোতে এফবিআই, সিআইএ এবং পেন্টাগনের নিজস্ব তদন্ত-সংক্রান্ত তথ্য রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে দেখা রহস্যময় উজ্জ্বল গোলক বা ‘অর্ব’-এর একাধিক ঘটনা।

এটি পেন্টাগনের চলমান ইউএপি  (আনআইডেন্টিফাইড এনামালোস ফেনোমেনা ) তথ্য প্রকাশ কর্মসূচির তৃতীয় ধাপ। এর আগে ৮ই মে ও ২২শে মে দুই দফায় আরও নথি প্রকাশ করা হয়েছিল। নতুন প্রকাশিত নথিগুলোতে সাক্ষাৎকার, ভিডিও, তদন্ত প্রতিবেদন এবং শিল্পীর আঁকা বিভিন্ন চিত্র অন্তর্ভুক্ত রয়েছে।

পেন্টাগনের প্রকাশিত তথ্য অনুযায়ী, বেশ কয়েকটি ঘটনায় একই ধরনের গোলাকার উজ্জ্বল বস্তু দেখা গেছে। অধিকাংশ ঘটনার স্থান যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল।

একটি এফবিআই প্রতিবেদনে দুই প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে। তারা এক সন্ধ্যায় নিজেদের বাড়ির পেছনের উঠানে তীব্র উজ্জ্বল একটি লাল গোলক দেখতে পান। সাক্ষীদের নাম ও অবস্থান গোপন রাখা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গোলকটির ব্যাস ছিল প্রায় তিন ফুট। এর মাঝখানে বাস্কেটবলের আকারের একটি উজ্জ্বল সাদা আলোর কেন্দ্র ছিল। একজন সাক্ষী বলেন, তিনি আগে কখনও এত উজ্জ্বল লাল রঙ দেখেননি।

সাক্ষীরা পরে আরেকটি গোলক দেখতে পান। তাদের দাবি, দুটি গোলক একসঙ্গে সংযুক্ত অবস্থায় ধীরে ধীরে সরে যাচ্ছিল। কয়েক সপ্তাহ পর তারা আকাশের অনেক উঁচুতে একাধিক সাদা গোলকও দেখতে পান।

জুলাই ২০২৫ সালের আরেকটি এফবিআই সাক্ষাৎকারে একই ধরনের ঘটনার উল্লেখ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পর্যবেক্ষণটি ‘ট্রায়াঙ্গেল অর্বস’, ‘রেড অর্ব রোটেশন’ এবং ‘অর্বস ওভার দ্য পন্ড’ নামে পরিচিত আগের কয়েকটি ঘটনার কাছাকাছি এলাকায় ঘটেছিল।

অক্টোবর ২০২৪ সালের একটি ঘটনায় একটি পুকুরের ওপর ভাসমান উজ্জ্বল আলোকবস্তুর বর্ণনা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে এটিকে ‘প্লাজমা-সদৃশ গোলক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বস্তুটি কখনও আকার পরিবর্তন করছিল, কখনও উজ্জ্বলতা বাড়াচ্ছিল বা কমাচ্ছিল। কিছু সময় সেটিকে ছোট ছোট আলোকবিন্দুতে বিভক্ত হতেও দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পেন্টাগন প্রধান পিট হেগসেথ এক বিবৃতিতে বলেন, দীর্ঘদিন ধরে শ্রেণীবদ্ধ অবস্থায় থাকা এসব নথি নানা ধরনের জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। এখন জনগণের সামনে সেগুলো তুলে ধরার সময় এসেছে।

মার্কিন সরকারের ইউএফও-সংক্রান্ত তথ্য প্রকাশের ইতিহাস কয়েক দশক পুরোনো। ১৯৭০-এর দশকের শেষ দিকে এ ধরনের নথি প্রকাশের উদ্যোগ শুরু হয়। সাম্প্রতিক বছরগুলোতে কংগ্রেসের চাপ এবং জনসাধারণের আগ্রহের কারণে প্রক্রিয়াটি আরও জোরদার হয়েছে।

২০২২ সালে পেন্টাগন অল-ডোমেইন এনামলি রেজুলুশন অফিস (এএআরও) গঠন করে। সংস্থাটি ইউএপি -সংক্রান্ত ঘটনা তদন্ত এবং তথ্য প্রকাশের দায়িত্ব পালন করছে।

তবে নতুন প্রকাশিত নথিগুলো রহস্যের সমাধান করেনি। বরং নতুন প্রশ্ন তৈরি করেছে।

কিছু গবেষক মনে করেন, এসব ঘটনার পেছনে এমন কোনো প্রাকৃতিক বা প্রযুক্তিগত কারণ থাকতে পারে যা এখনো পুরোপুরি বোঝা যায়নি। অন্যদিকে ইউএফও-সংশ্লিষ্ট গবেষকরা বলছেন, ধারাবাহিকভাবে একই ধরনের গোলক দেখার ঘটনা আরও গভীর তদন্তের দাবি রাখে।

স্কেপটিকদের একটি অংশের মতে, এসব ঘটনা ড্রোন, আবহাওয়াজনিত আলোকপ্রভাব, বেলুন বা অন্য কোনো পরিচিত বস্তুর ভুল শনাক্তকরণের ফলও হতে পারে।

এদিকে সামাজিক মাধ্যমে নথিগুলো প্রকাশের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে সম্ভাব্য পৃথিবীবহির্ভূত প্রযুক্তির ইঙ্গিত হিসেবে দেখছেন। আবার কেউ এটিকে এখনো ব্যাখ্যাতীত কিন্তু প্রাকৃতিক কোনো ঘটনার অংশ বলে মনে করছেন।

পেন্টাগনের ধারাবাহিক তথ্য প্রকাশ কর্মসূচি অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে আরও নথি প্রকাশ হতে পারে। সেসব নথি হয়তো এই রহস্যময় গোলকগুলোর প্রকৃতি সম্পর্কে নতুন তথ্য দিতে পারে। তবে আপাতত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে দেখা উজ্জ্বল গোলকগুলো ইউএফও-রহস্যের অন্যতম আলোচিত অধ্যায় হয়ে থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *