ঢাকার পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বুধবার (১০ই জুন) উদ্বোধন করা হয়েছে বয়সভিত্তিক পুরুষ আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন (আইএএইচএফ) ট্রফি প্রতিযোগিতা।
প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হ্যান্ডবলের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ছয় দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ, ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ ও আফগানিস্তান। প্রতিযোগিতাটি অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২০—এই দুই বিভাগে অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার দুপুর ১টায় মালদ্বীপ ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৮ বিভাগের খেলা শুরু হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, স্বাগতিক বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়। সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম।
আয়োজকদের আশা, এই প্রতিযোগিতা তরুণ হ্যান্ডবল খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে ক্রীড়া সম্পর্ক আরও শক্তিশালী করবে।