বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাপানে আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘শর্ট শর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড এশিয়া-এর মর্যাদাপূর্ণ ‘সেভ দ্য আর্থ – মিনিস্টার্স অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছে অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আফটার আস’।
৫ই জুন টোকিওতে এক অনুষ্ঠানে পুরস্কারটি ঘোষণা করা হয়। জাপান সরকারের পরিবেশ মন্ত্রণালয় পরিবেশ সংরক্ষণ বিষয়ে শক্তিশালী বার্তা বহনকারী একটি চলচ্চিত্রকে প্রতিবছর এই সম্মাননা দিয়ে থাকে।
এবারের বিজয়ী চলচ্চিত্র ‘আফটার আস’ নির্মিত হয়েছে কানাডার ন্যাশনাল ফিল্ম বোর্ডের প্রযোজনায়। চলচ্চিত্রটির রচয়িতা ও নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা।
মানবজাতির বিলুপ্তির পর নীরবতায় আচ্ছন্ন এক পৃথিবীকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘আফটার আস’। প্রাণীদের দৃষ্টিকোণ থেকে বলা এই গল্পে প্রকৃতি, পুনর্জন্ম এবং পরিবেশের সঙ্গে নতুন ভারসাম্যের সম্ভাবনা তুলে ধরা হয়েছে।
পুরস্কার ঘোষণার সময় জাপানের পরিবেশমন্ত্রী হিরোটাকা ইশিহারা চলচ্চিত্রটির প্রশংসা করে বলেন, এটি একটি গভীর চিন্তাশীল সৃষ্টি, যা প্রাণীদের চোখ দিয়ে প্রকৃতির সঙ্গে সহাবস্থানের মূল দর্শনকে তুলে ধরেছে। মানুষের অনুপস্থিতিতে প্রকৃতির পুনরুজ্জীবন এবং নতুন এক সামঞ্জস্যপূর্ণ বিশ্বের সম্ভাবনাকে চলচ্চিত্রটি অত্যন্ত সংবেদনশীল ও শক্তিশালীভাবে উপস্থাপন করেছে।
তিনি আরও বলেন, পরিবেশগত সংকটকে ভবিষ্যতের কোনো দূরবর্তী সমস্যা হিসেবে নয়, বরং আজই পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয় বিষয় হিসেবে দেখানোর জন্য চলচ্চিত্রটি বিশেষভাবে প্রশংসার দাবিদার। ভাষা ও প্রজন্মের সীমা অতিক্রম করে মানুষের মধ্যে সহমর্মিতা সৃষ্টি করার সক্ষমতাও এই কাজের একটি গুরুত্বপূর্ণ দিক।
নির্মাতার দেওয়া তথ্য অনুযায়ী, ‘আফটার আস’ ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছে। এ পর্যন্ত চলচ্চিত্রটি ছয়টি আন্তর্জাতিক উৎসবে অফিসিয়াল সিলেকশন অর্জন করেছে।
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য এবং মানবজাতির ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপনকারী এই চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সৃজনশীল উপস্থিতিকেও নতুনভাবে তুলে ধরেছে।