ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপকে আরও আকর্ষণীয় ও দর্শকবান্ধব করতে ম্যাচ শুরুর আগের আনুষ্ঠানিকতায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা।
নতুন পরিকল্পনা অনুযায়ী, এখন থেকে শুধু শুরুর একাদশ নয়, বদলি খেলোয়াড়রাও জাতীয় সংগীত পরিবেশনের আগে মাঠের মাঝখানের সেন্টার সার্কেলের চারপাশে একসঙ্গে দাঁড়াবে। এর ফলে একটি দলের সব খেলোয়াড়কে একই ফ্রেমে দেখা যাবে এবং ম্যাচ-পূর্ব পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
ফিফা জানিয়েছে, নতুন এই আয়োজনের মাধ্যমে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা ম্যাচ শুরুর অনুষ্ঠান আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। পাশাপাশি টেলিভিশন দর্শকদের কাছেও পুরো অনুষ্ঠানটি আরও আকর্ষণীয় ও স্মরণীয় হয়ে উঠবে।
পরিবর্তিত আয়োজনের অংশ হিসেবে মাঠে বড় আকারের জাতীয় পতাকা প্রদর্শন করা হবে। খেলোয়াড়দের মাঠে প্রবেশের জন্য বিশেষ ওয়াকআউট আর্চ ব্যবহার করা হবে। এছাড়া আগের মতোই শিশুদের সঙ্গে নিয়ে মাঠে প্রবেশ করবেন ফুটবলাররা।
তবে ম্যাচ শুরুর মূল প্রক্রিয়ায় বড় কোনো পরিবর্তন আসছে না। জাতীয় সংগীত পরিবেশন শেষ হলে দুই দলের খেলোয়াড়দের পারস্পরিক শুভেচ্ছা বিনিময়, দলীয় ছবি তোলা এবং কয়েন টস আগের নিয়মেই অনুষ্ঠিত হবে।
ফিফা আরও জানিয়েছে, টুর্নামেন্টের নির্বাচিত কিছু ম্যাচে রঙিন ধোঁয়া (কালার্ড স্মোক) এবং পাইরোটেকনিকস ব্যবহারের মাধ্যমে উদ্বোধনী পরিবেশকে আরও বর্ণিল ও জমকালো করে তোলা হবে।
ফুটবলের বৈশ্বিক জনপ্রিয়তাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং দর্শকদের জন্য আরও স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করতেই এসব পরিবর্তন আনা হচ্ছে বলে মনে করছে ফিফা। বিশ্বকাপের মঞ্চে নতুন এই আয়োজন মাঠের লড়াই শুরুর আগেই বাড়িয়ে দিতে পারে সমর্থকদের উচ্ছ্বাস ও প্রত্যাশা।