কাবাডির উন্নয়নে সাড়ে ৫ কোটি টাকার বাজেট

 

বাংলাদেশের কাবাডিকে আন্তর্জাতিক পর্যায়ে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সাড়ে ৫ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। একই সঙ্গে গোপালগঞ্জে কাবাডির নিজস্ব একাডেমি পরিচালনার জন্য একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।

বুধবার ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’-এ অনুষ্ঠিত বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সভায় ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বিগত সভার কার্যবিবরণী, ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় ক্রীড়াপঞ্জি এবং বাজেট উপস্থাপন করেন। দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে সাড়ে ৫ কোটি টাকার বার্ষিক বাজেট অনুমোদন করা হয়।

ফেডারেশন সূত্রে জানা গেছে, অনুমোদিত বাজেটের বড় একটি অংশ ব্যয় করা হবে জাতীয় দলের খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়ানোর জন্য। এ বছর পাকিস্তান, চাইনিজ তাইপে এবং নেপালের বিপক্ষে পুরুষ ও নারী দলের একাধিক হোম অ্যান্ড অ্যাওয়ে টেস্ট সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী সময়সূচি বা প্রতিপক্ষের ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন ফেডারেশনের কর্মকর্তারা।

এদিকে, ৩য় এশিয়ান ইয়ুথ গেমস-২০২৫-এ অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী বাংলাদেশ দলের খেলোয়াড়দের ঘোষিত ১০ লাখ টাকার বিশেষ সম্মানি ও অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে। ফেডারেশনের সভাপতি নিজ হাতে খেলোয়াড়দের মধ্যে এই অর্থ বিতরণ করেন।

দেশব্যাপী কাবাডির বিস্তার এবং দীর্ঘমেয়াদি খেলোয়াড় তৈরির লক্ষ্যে গোপালগঞ্জে একটি কাবাডি একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে ফেডারেশন। একাডেমির কার্যক্রম তদারকির জন্য গঠিত বিশেষ কমিটির সভাপতি করা হয়েছে ফেডারেশনের সহ-সভাপতি ও আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনকে। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

কমিটি একাডেমির সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ, মাঠ পরিদর্শন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।

সভায় কাবাডির অবকাঠামো ও সুযোগ-সুবিধা উন্নয়নের বিষয়েও আলোচনা হয়। এ লক্ষ্যে ফেডারেশনের পক্ষ থেকে শিগগিরই ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সরকারের প্রয়োজনীয় সহায়তা চাওয়া হবে বলে জানানো হয়েছে।

সভায় ফেডারেশনের সভাপতি মো. আলী হোসেন ফকির কাবাডির সাম্প্রতিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *