বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন ডিআইজি আলি আকবর খান। সোমবার (১লা জুন) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।
আলি আকবর খান ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ১৯৬৭ সালের ২১শে সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। রেঞ্জ পুলিশ, পুলিশ সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে তাঁর দায়িত্বশীল ভূমিকা প্রশংসিত হয়েছে। সততা, পেশাদারিত্ব ও দক্ষতার জন্য তিনি সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আস্থা অর্জন করেন।
পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন। ইতালিতে অনুষ্ঠিত ‘ প্রমোটিং রেগুলার এন্ড লিগ্যাল মাইগ্রেশন, প্রিভেন্টিং হিউম্যান ট্রাফিকিং, ডিসকারেজিং ইরিগুলার মাইগ্রেশন এন্ড রিপ্যাটরিয়েটিং ইরিগুলার মাইগ্রান্টস’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ করেন তিনি। এছাড়া মালদ্বীপে অনুষ্ঠিত ‘ট্রাফিকিং ইন পারসনস এন্ড স্মাগলিং অফ মাইগ্রান্টস ডাটা কালেকটিং ফর সাউথ এশিয়া’ বিষয়ক কর্মশালাতেও অংশ নেন।
আন্তর্জাতিক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে মানবপাচার, অভিবাসন ব্যবস্থাপনা এবং অপরাধ তদন্ত বিষয়ে তিনি বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছেন।
সিআইডি সূত্রে জানা গেছে, সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে অভিনন্দন জানিয়েছে সিআইডি পরিবার। কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে সিআইডির তদন্ত কার্যক্রম আরও আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর হবে।
বাংলাদেশ পুলিশের অভিজ্ঞ এই কর্মকর্তা বর্তমানে সিআইডির কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।