বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, গণতন্ত্র, রোহিঙ্গা সংকট এবং জ্বালানি সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অগ্রযাত্রা শুরু হয়। তিনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়া মার্কিন কূটনীতিক আর্চার কেন্ট ব্লাড-এর অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, দুই দেশের সরকার বর্তমানে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ পর্যায় অতিক্রম করছে।
স্পিকার আরও বলেন, বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দেশের জনগণ সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। তিনি মনে করেন, গণতন্ত্রের ধারাবাহিক চর্চার মাধ্যমেই বাংলাদেশ প্রকৃত সমৃদ্ধি অর্জন করতে পারে।
সাক্ষাৎকালে উভয় পক্ষ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও শক্তিশালী করা এবং সংসদীয় ককাস ফোরামে গণতন্ত্র দিবস উদযাপন নিয়েও আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে মার্কিন সরকারের সহযোগিতার বিষয়টিও উঠে আসে। একই সঙ্গে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশে তেল ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তারা।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গেও আলোচনা হয়। স্পিকার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি সংকটের টেকসই সমাধানে যুক্তরাষ্ট্রকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহের কথা ব্যক্ত করেন।
সাক্ষাতে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।