বাংলাদেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি ভবিষ্যতে রপ্তানির সক্ষমতা তৈরির লক্ষ্য নিয়েছে সরকার। রাজধানীতে আয়োজিত বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬-এর আলোচনা সভায় এ কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
আজ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এ অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি বলেন, দুধ উৎপাদন বাড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এবারের বিশ্ব দুগ্ধ দিবসের প্রতিপাদ্য ছিল— “দুগ্ধ উৎপাদনে নারী খামারী: উন্নয়নের অগ্রযাত্রা”।
প্রতিমন্ত্রী বলেন, দুগ্ধ খাতে নারীদের অংশগ্রহণ বাড়লে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি নারীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও সহায়তা বাড়ানোর ওপর জোর দেন। তার মতে, একজন খামারি সফল হলে তা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে।
তিনি আরও বলেন, সরকার চায় খামারিরা যাতে প্রয়োজন অনুযায়ী সহায়তা পান এবং উৎপাদন ব্যবস্থায় আরও সক্রিয় ভূমিকা রাখতে পারেন। সবাই দায়িত্বশীলভাবে কাজ করলে দেশের প্রাণিসম্পদ খাত আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তর-এর মহাপরিচালক মোঃ শাহজামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইমাম উদ্দীন কবীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিদপ্তরের পরিচালক ডাঃ মোঃ বয়জার রহমান এবং স্বাগত বক্তব্য দেন ডাঃ বেগম শামছুননাহার আহম্মদ।
অনুষ্ঠানের আগে প্রতিমন্ত্রী এতিম শিক্ষার্থীদের মাঝে দুধ বিতরণ করেন এবং একটি র্যালিতে অংশ নেন। র্যালিটি প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে শুরু হয়ে কেআইবি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
দিনের শেষে প্রতিমন্ত্রী বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (BFDC)-এর কারওয়ান বাজার কার্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং কাজের গতি বাড়াতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। তাই সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও কার্যকর করতে হবে, যাতে জনগণের সেবা নিশ্চিত করা যায়।