ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ভোলার ইলিশা ঘাট পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি ঘাটে আকস্মিক সফর করে যাত্রীসেবা, নৌযান চলাচল এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এর আগে প্রতিমন্ত্রী চাঁদপুর নদী বন্দরও পরিদর্শন করেন। সফরকালে তিনি জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, ঈদের সময় দেশের গুরুত্বপূর্ণ নৌঘাটগুলোতে মানুষের চাপ বেশি থাকে। এ কারণে যেসব ঘাট দিয়ে অধিকসংখ্যক যাত্রী চলাচল করেন, সেসব স্থানে সরেজমিন তদারকি করা হচ্ছে। ঈদের আগে মানুষকে নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দিতে সরকার কাজ করেছে। এখন কর্মস্থলে ফেরার সময়ও একইভাবে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, মাঠ পর্যায়ে তদারকির সময় ছোটখাটো কিছু সমস্যা ও ত্রুটি নজরে আসে। এসব বিষয় দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে, তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করছে।
নৌপথে শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ নৌযান চলাচল বন্ধ রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি যাত্রীচাপ ও প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত নৌযান বরাদ্দ নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।
পরিদর্শনকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ বাংলাদেশ পুলিশ, নৌপুলিশ, কোস্ট গার্ড, বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঈদ-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন নৌরুটে যাত্রীচাপ বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা, শৃঙ্খলা এবং পর্যাপ্ত নৌযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করতে সরকারের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।