কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহতরা হলেন মো. ফুরকান কসাই (৫৫), মো. এছেম (৫০) এবং মো. ফিরোজ (৪৮)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান জহুরুল হক এবং সাবেক যুবদল নেতা মুনতাজের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় বিএনপি কার্যালয়ের ভেতরে কয়েকজন কর্মী-সমর্থক অবস্থান করছিলেন। এ সময় ৮ থেকে ১০ জন ব্যক্তি অতর্কিতে কার্যালয়ে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করা হয়।
তবে সাবেক চেয়ারম্যান জহুরুল হক অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। তারা নিজেরাই নিজেদের অফিসে বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।”
অন্যদিকে, সংশ্লিষ্ট আরেক পক্ষের নেতা মুনতাজের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনার পর দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এটি “অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা।” তিনি দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।