পূর্বের বিরোধের জেরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ওপর হামলা

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারিপাড়া গ্রামে প্রায় দুই বছর আগের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় আহত হয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. আকতার হোসেন হাওলাদার (৬৫)।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (৩০শে মে) রাতে আকতার হোসেনের ছেলে রাজু (২৭)-কে পূর্বের একটি ঘটনাকে কেন্দ্র করে হুমকি দেন একই গ্রামের বাসিন্দা তুষার হাওলাদার। তুষার বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত বলে স্থানীয় সূত্র জানিয়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে আকতার হোসেনের পরিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে।

রোববার (৩১শে মে) সকালে বিষয়টি মীমাংসার লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি কাজী বশির আহমেদ, মাসুম বিল্লাহ সরদার ও মোকলেছুর রহমানের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে আলোচনা চলাকালে পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী, এ সময় বশির হাওলাদার (৪৫), তার ছেলে তুষার হাওলাদার (২২), স্ত্রী সালমা বেগম (৪০) ও মেয়ে মিম (১৯) ঘটনাস্থলে এসে আকতার হোসেনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তুষার হাওলাদার সবার সামনে একটি ইট দিয়ে আকতার হোসেনের মাথায় আঘাত করেন। পরে অন্যরাও ইট-পাটকেল নিক্ষেপ করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আকতার হোসেনকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় আহত ব্যক্তির স্বজন মো. আতিকুল ইসলাম বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোকলেছুর রহমান বলেন, “সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বশির হাওলাদার ও তার ছেলে তুষার হাওলাদার আইন-আদালতের তোয়াক্কা না করে এলাকায় বেপরোয়া আচরণ করে আসছেন বলে স্থানীয়দের মধ্যে অভিযোগ রয়েছে।”

তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগের তদন্ত চলছে এবং ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *