বানারীপাড়ায় এনসিপির ঈদ পূর্ণমিলনী

বরিশালের বানারীপাড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ঈদ পূর্ণমিলনী, আলোচনা সভা এবং জুলাই শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০শে মে) বিকেলে বানারীপাড়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানারীপাড়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ গালিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সংগঠক ও জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক আসাদ বিন রনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আবু সাইদ মুসা, রফিকুল ইসলাম কনক, আবু সায়্যেদ ফেরদৌস, বনী আমীন, ফরিদ আহম্মেদ, আসিফ আলী, আবেদ আলী রনি এবং ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্র শক্তির অন্যতম সংগঠক ফাহিম আকনসহ জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপির নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা ঈদুল আজহার ত্যাগ, সহমর্মিতা ও সম্প্রীতির শিক্ষা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা জুলাই আন্দোলনে শহীদদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং একটি বৈষম্যহীন ও গণমুখী বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের একটি আবেগঘন পর্বে বানারীপাড়ার চার জুলাই শহীদের পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে তাদের স্মৃতিচারণ করেন। তারা শহীদদের আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাদের আদর্শ বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

পরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানটি শুধু উৎসবের আনন্দ ভাগাভাগির মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি ছিল শহীদদের স্মরণ, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং জনকল্যাণমূলক উদ্যোগে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *