হংকংয়ের প্রবীণ সেবাখাতে বাংলাদেশি কর্মীদের সম্ভাব্য নিয়োগ নিয়ে প্রস্তুতিমূলক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হংকংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর। সভা পরিচালনা করেন কনসাল (শ্রম) জাহিদুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল এবং বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব মিসপে সোরেন।
এছাড়া হংকংয়ের বিভিন্ন কর্মসংস্থান সংস্থা, বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি এবং কেয়ারগিভিং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
কনস্যুলেট সূত্র জানায়, হংকংয়ে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বাড়ছে। ফলে বয়স্কদের সেবাদানে প্রশিক্ষিত কর্মীর চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে বিদেশি ডোমেস্টিক কেয়ারার বা ফরেন ডোমেস্টিক কেয়ারার (এফডিসি) নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সভায় অংশগ্রহণকারীরা বাংলাদেশ থেকে প্রশিক্ষিত সেবাকর্মী পাঠানোর সম্ভাবনা, প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণের মান এবং নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে মতামত দেন। সম্ভাব্য কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বাংলাদেশের প্রস্তুতি আরও শক্তিশালী করা এবং ভবিষ্যতে হংকংয়ের প্রবীণ সেবাখাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে তা কার্যকরভাবে কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়।
সভা শেষে হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অংশগ্রহণকারী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। কনস্যুলেট জানায়, বিদেশে দক্ষ জনশক্তির নতুন বাজার সৃষ্টি এবং বাংলাদেশি কর্মীদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।