জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি নীতিমালা ও আইন প্রণয়নের দাবি জানানো হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৫শে মে) ঢাকায় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং মতবিনিময় সভার আয়োজন করে ‘জাতীয় কবি নীতিমালা আইন প্রস্তাবনা বাস্তবায়ন কমিটি’।
বাংলা ১৪৩৩ সালের ১১ জৈষ্ঠ অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও উত্তরাধিকার সংরক্ষণে একটি সুস্পষ্ট নীতিমালা এবং আইন প্রণয়ন সময়ের দাবি। তারা মনে করেন, এর মাধ্যমে কবির সাহিত্য, সংগীত, দর্শন ও গবেষণা কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে সংরক্ষণ ও প্রসার করা সম্ভব হবে।
কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজকরা বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাহিত্যিকদের সঙ্গে মতবিনিময় করেন। আলোচনায় জাতীয় কবিকে ঘিরে রাষ্ট্রীয় উদ্যোগ জোরদার করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাট্যকার লুৎফুল আহসান বাবু, কবি মুর্শিদ-উল-আলম, কবি রেজা মতিন, সংগীতশিল্পী মাহতাবুল আলম, সাংবাদিক আতিকুল ইসলাম, ছড়াকার ফরিদ সাইদ, কবি ডা. মা আআ মুক্তাদীর, কবি জুলফিকার স্বপন, কবি মো. হাফেজুর রহমান, কবি শাকিল হাসান, কবি তাসউইব ইসলাম এবং চিত্রশিল্পী রোকসানা প্রমুখ।
আলোচকরা বলেন, জাতীয় কবিকে কেন্দ্র করে দেশে নানা কর্মসূচি থাকলেও তাঁর মর্যাদা, সৃষ্টিকর্মের সংরক্ষণ এবং গবেষণার জন্য একটি সমন্বিত আইনগত কাঠামো এখনো গড়ে ওঠেনি। এ কারণে তারা দ্রুত জাতীয় কবি নীতিমালা ও আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংগীতের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি হিসেবে তিনি রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করেন। তাঁর সাহিত্যকর্ম, গান ও দর্শন আজও বাঙালির সাংস্কৃতিক চেতনার গুরুত্বপূর্ণ অংশ।