নারী হকি ও কাবাডি দলের সংবর্ধনা, অনূর্ধ্ব–১৮ এশিয়া কাপের জার্সি উন্মোচন

ঢাকার তেজগাঁওয়ে বিমান বাহিনীর ফ্যালকন হলে শনিবার (২৩শে মে ) জাতীয় নারী হকি ও কাবাডি দলের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে চলতি মাসে জাপানে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব–১৮ এশিয়া কাপ হকির জন্য বাংলাদেশ নারী ও পুরুষ দলের জার্সি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী মোঃ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার জাইমা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান, যিনি একই সঙ্গে বাংলাদেশ হকি ফেডারেশন–এর সভাপতিও।

এছাড়া উপস্থিত ছিলেন বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধানের সহধর্মিনী ও বিভিন্ন নারী কল্যাণ সংগঠনের সভাপতি সালেহা খানও উপস্থিত ছিলেন।

বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। এর মধ্যে রয়েছে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড চালু, নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রম এবং শিক্ষায় ক্রীড়াকে আরও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা।

বিমান বাহিনী প্রধান খেলোয়াড়দের শৃঙ্খলা বজায় রেখে সর্বোচ্চ পারফরম্যান্স দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে জানানো হয়, সাম্প্রতিক আন্তর্জাতিক আসরে বাংলাদেশের নারী দল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ২০২৬ সালের এপ্রিল মাসে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত নারী হকি এশিয়ান গেমস কোয়ালিফাইং টুর্নামেন্টে বাংলাদেশ রৌপ্যপদক জেতে। একই সময়ে চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমসে নারী কাবাডি দল ব্রোঞ্জ পদক অর্জন করে।

২০১৯ সাল থেকে গড়ে ওঠা নারী হকি দল বয়সভিত্তিক পর্যায়ে আন্তর্জাতিক আসরে ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছে। এবারের রৌপ্যপদক অর্জনকে জাতীয় নারী হকি দলের প্রথম বড় পর্যায়ের আন্তর্জাতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

আয়োজকরা জানান, আসন্ন অনূর্ধ্ব–১৮ এশিয়া কাপে মোট নয়টি পুরুষ ও আটটি নারী দল অংশ নেবে। বাংলাদেশের পুরুষ ও নারী উভয় দলই এতে প্রতিদ্বন্দ্বিতা করবে। গত আসরে পুরুষ দল সেমিফাইনালে এবং নারী দল ব্রোঞ্জ পদক অর্জন করেছিল।

অনুষ্ঠানটি ক্রীড়া অঙ্গনে বাংলাদেশের নারী দলগুলোর সাম্প্রতিক অগ্রগতি ও আন্তর্জাতিক মঞ্চে তাদের ক্রমবর্ধমান উপস্থিতিকে সামনে নিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *