“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় পালিত হয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ-এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বুধবার (২০শে মে) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় লাকসাম রোডের মাধুরি-ননীকুঞ্জ ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়।
কুমিল্লা জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়। সভা পরিচালনা করেন মহানগর ঐক্য পরিষদের আহ্বায়ক কমল চন্দ খোকন।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ঐক্য পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য হারাধন শীল, সাধারণ সম্পাদক তাপস বকসী, যুগ্ম সাধারণ সম্পাদক রতন চন্দ্র দাস ও উত্তম আচার্য্য, আইন বিষয়ক সম্পাদক দীলিপ চন্দ, আইসিটি সম্পাদক তাপস চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক মধুসূদন বিশ্বাস, সদস্য প্রহ্লাদ চন্দ্র পাল, শ্রীধর বণিক ও গৌতম দাস।
এ ছাড়া বক্তব্য দেন মহানগর ঐক্য পরিষদের নেতা সুকেন সরকার, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুণ্ড, মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আশীষ দাস, আদর্শ সদর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ, জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল দে, ছাত্র ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক উল্লাস দে এবং জেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক প্রান্ত দে।
বক্তারা বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পরও দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নির্যাতন, নিপীড়ন ও বৈষম্যের শিকার হচ্ছেন। তারা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু মানুষের নিরাপত্তা, মর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করার দাবি জানান।
সভায় বক্তারা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং অন্যায়-নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলার বিকল্প নেই। “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”—এই চেতনা ধারণ করে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
তারা বলেন, একটি অসাম্প্রদায়িক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সব ধর্ম-বর্ণের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহাবস্থান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সম্প্রীতির বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।