ফ্রান্সে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের আরও অংশগ্রহণ চায় ফরাসি দূত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সফরকালে বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণে উৎসাহ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে। তিনি বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থী নেটওয়ার্কে বাংলাদেশের উপস্থিতি আরও শক্তিশালী হওয়া প্রয়োজন।

মঙ্গলবার (১৯শে মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালামের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত। পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। বৈঠকে ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সহায়তা এবং ক্যাম্পাস ফ্রান্স–এর কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

অধ্যাপক ড. আব্দুস সালাম শিক্ষার্থী বিনিময় ও আন্তর্জাতিক শিক্ষা সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বাংলাদেশে ফরাসি দূতাবাসের সহযোগিতার প্রশংসা করেন এবং বলেন, ক্যাম্পাস ফ্রান্সের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে।

তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে কর্মরত ফরাসি বিশেষজ্ঞ ড. টোনিয়া অ্যাস্ট্রিড ক্যাপুয়ানোর কাজ গবেষণা ও একাডেমিক কার্যক্রমকে শক্তিশালী করেছে। ফরাসি সরকারের সহায়তায় তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন।

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় রাষ্ট্রদূত বলেন, ফ্রান্সে এখন অনেক ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ রয়েছে। একই সঙ্গে দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা দ্রুত বাড়ছে। তিনি শিক্ষার্থীদের নির্ভরযোগ্য তথ্যের জন্য ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশকে অনুসরণ করার পরামর্শ দেন।

রাষ্ট্রদূত আরও বলেন, শিক্ষার্থীরা নিজেদের পছন্দমতো বিশ্ববিদ্যালয় বেছে নিতে স্বাধীন। তবে শিক্ষার্থীদের আবেদন যাচাই ও প্রয়োজনীয় সহায়তার জন্য ক্যাম্পাস ফ্রান্স কাজ করে থাকে।

নারী শিক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স নারীদের জন্য শিক্ষা ও বৃত্তির সুযোগ বাড়াতে কাজ করছে এবং এটি তাদের ‘ফেমিনিস্ট ফরেন পলিসি’র অংশ।

এ সময় ফরাসি দূতাবাসের সাংস্কৃতিক অ্যাটাশে ব্যাপটিস্ট লেব্রেট, ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের কান্ট্রি হেড সৈয়দা নাসিবা হোসেন এবং সমুদ্রবিজ্ঞানী ডঃ টোনিয়া অ্যাস্ট্রিড ক্যাপুয়ানো উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *