পানছড়িতে জেএসএসের দুই সদস্যের অস্ত্রসহ আত্মসমর্পণ 

খাগড়াছড়ির পানছড়িতে অস্ত্র ও গোলাবারুদসহ জনসংহতি সমিতির (জেএসএস-মূল) দুই সশস্ত্র সদস্য আত্মসমর্পণ করেছেন। ১৯শে মে মঙ্গলবার দিবাগত রাতে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) ট্রিগহাইট বিওপিতে গিয়ে তারা আত্মসমর্পণ করেন বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, রাত প্রায় দেড়টার দিকে দুই অস্ত্রধারী ব্যক্তি বিওপিতে এসে হাত উঁচু করে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। তারা জানান, সশস্ত্র কার্যক্রম ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান। পরে তাদের কাছে থাকা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম বিজিবির কাছে জমা দেওয়া হয়।

আত্মসমর্পণকারী দুজন হলেন রিদয় চাকমা (১৯) ও রিয়েল চাকমা (২১)। রিদয় চাকমার বাড়ি রাঙামাটির সাজেক এলাকায়। তাঁর বাবার নাম ইন্দ্র কুমার চাকমা। অন্যদিকে রিয়েল চাকমার বাড়ি খাগড়াছড়ির পানছড়ির আলিচান পাড়ায়। তাঁর বাবার নাম রুপায়ন চাকমা।

আত্মসমর্পণের সময় তাঁদের কাছ থেকে একটি শটগান, একটি এম-৪এ১ রাইফেল, শটগানের ৬৪ রাউন্ড গুলি এবং ১৮৮ রাউন্ড বল অ্যামো উদ্ধার করা হয়েছে। এছাড়া দুটি ইউনিফর্ম, তিনটি স্মার্টফোন ও দুটি বাটন ফোন জব্দ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, আত্মসমর্পণকারী দুই যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাহাড়ি অঞ্চলে সক্রিয় বিভিন্ন সশস্ত্র সংগঠনের তৎপরতার মধ্যে এই আত্মসমর্পণের ঘটনাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের আশা, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে সহিংসতা কমাতে ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *