দৌলতপুরে ‘ভূমি সেবা মেলা ২০২৬’ উদ্বোধন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘ভূমি সেবা মেলা ২০২৬’। সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বচ্ছ ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় (১৯শে মে) মঙ্গলবার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস।

এছাড়াও অনুষ্ঠানে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন, সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত সেবা সহজ করতে সরকার কাজ করছে। তিনি দালালমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি অফিস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে ভূমি সেবাকে আরও কার্যকর ও গতিশীল করতে সরকারের নির্দেশনা অনুসরণের আহ্বান জানান।

তিনি বলেন, এই মেলা এবং নতুন উদ্যোগের ফলে সাধারণ মানুষ সরাসরি ভূমি সেবা পাবেন। এতে মাঠ পর্যায়ে দীর্ঘদিনের ভোগান্তি ও হয়রানি অনেকটাই কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও জনগণকে কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা দালালের খপ্পরে না পড়ে সরাসরি ডিজিটাল ও স্মার্ট ভূমি সেবা গ্রহণের আহ্বান জানান।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ ভূমি সংক্রান্ত জটিলতা কমানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

ফরিদ আহমেদ
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *