বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বিনিয়োগ সহযোগিতা নতুন গতি পাচ্ছে। রিটেইল, কৃষি ও জ্বালানি খাতে ইন্দোনেশিয়ার বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
গতকাল ঢাকায় বিডা কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওওয়াতি বিদা বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী–এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতা আরও গভীর করার বাস্তব উপায় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর যে উদ্যোগ সরকার নিয়েছে, তাতে ইন্দোনেশিয়া সহযোগিতা করতে আগ্রহী। তিনি বাংলাদেশে ইন্দোনেশীয় বিনিয়োগকারীদের বাড়তে থাকা আস্থার কথাও তুলে ধরেন।
এর অন্যতম উদাহরণ হিসেবে উঠে আসে ইন্দোনেশিয়ার বড় রিটেইল প্রতিষ্ঠান আলফামার্ট–এর বাংলাদেশে প্রবেশের বিষয়টি। প্রতিষ্ঠানটি ২০২৬ সালের শেষ নাগাদ দেশে ৫০টি আউটলেট চালুর পরিকল্পনা করেছে। দীর্ঘমেয়াদে আগামী ১০ বছরের মধ্যে ৫ হাজারের বেশি আউটলেট স্থাপনের লক্ষ্য রয়েছে তাদের।
বৈঠকে কৃষি ও জ্বালানি খাতে সম্ভাব্য বিনিয়োগ নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব খাতে ইন্দোনেশিয়ার বড় কোম্পানিগুলোর অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা বাংলাদেশের বাজারে নতুন সুযোগ তৈরি করতে পারে।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বৈঠকে বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর যৌথ ১৮০ দিনের কর্মপরিকল্পনার বিভিন্ন অগ্রাধিকার তুলে ধরেন। বিশেষ করে সরকারি অব্যবহৃত সম্পদকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের মাধ্যমে কাজে লাগানোর বিষয়টি গুরুত্ব পায়।
তিনি বলেন, অবকাঠামো ও সম্পদ ব্যবস্থাপনায় ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য কার্যকর শিক্ষা হতে পারে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়লে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করা হয়।