শিল্পখাতের চাহিদা মেটাতে চট্টগ্রামে এনএসডিএ’র ভ্যালিডেশন কর্মশালা শুরু

দেশের শিল্পখাতের চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক মানের দক্ষ জনবল গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। “কম্প্রেসড এয়ার সিস্টেম অপারেশন এন্ড মেইনটেন্যান্স” অকুপেশনের জন্য কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড (সিএস) ও কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট (সিএডি) ভ্যালিডেশন কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।

এ উপলক্ষে রোববার (১৭ই মে) চট্টগ্রাম নগরের স্থানীয় একটি হোটেলে তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়। জার্মান উন্নয়ন সংস্থা GIZ-এর কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন “স্কিলস ডেভেলপমেন্ট ফর সাস্টেইনেবল এনার্জি সলিউশনস (স্কিলস ফর এসই)” প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালাটি চলবে আগামী ১৯শে মে পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড. মোঃ জিয়াউদ্দীন এবং লাইট ইঞ্জিনিয়ারিং আইএসসি’র ভাইস প্রেসিডেন্ট আশরাফ-ইবনে-নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসডিএ’র সদস্য (পরিকল্পনা ও দক্ষতামান) ও যুগ্মসচিব জেসমীন আক্তার।

কর্মশালায় এনএসডিএ’র কর্মকর্তাদের পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিল্পখাত সংশ্লিষ্ট উদ্যোক্তা, একাডেমিক বিশেষজ্ঞ এবং বিভিন্ন অংশীজন অংশ নেন।

বক্তারা বলেন, শিল্পখাতের বাস্তব চাহিদার সঙ্গে মিল রেখে দক্ষতামান তৈরি করা গেলে দেশের তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দেশীয় শিল্পে দক্ষ জনবল সরবরাহ বাড়বে এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে।

এনএসডিএ জানায়, নবায়নযোগ্য জ্বালানি (আরই) ও জ্বালানি দক্ষতা (ইই) খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক মানসম্পন্ন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট এবং কম্পিটেন্সি বেইজড লার্নিং ম্যাটেরিয়ালস (সিবিএলএম) তৈরির কাজ চলছে।

এর আগে, গত ১৮ই  ফেব্রুয়ারি “কম্প্রেসড এয়ার সিস্টেম অপারেশন এন্ড মেইনটেন্যান্স” অকুপেশনের টাস্ক অ্যানালাইসিস কর্মশালা অনুষ্ঠিত হয়। পরে মার্চ ও এপ্রিল মাসজুড়ে ধারাবাহিক কর্মশালার মাধ্যমে সিএস ও সিএডি প্রণয়নের কাজ সম্পন্ন করা হয়। সর্বশেষ সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ এবং চূড়ান্ত ভ্যালিডেশনের লক্ষ্যেই বর্তমান কর্মশালার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *