সুইজারল্যান্ড ও ইউএন উইমেনের বৈঠক: রোহিঙ্গা নারী, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ও অভিবাসী সহায়তায় জোর

ঢাকায় জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের সঙ্গে চলমান সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেছে সুইজারল্যান্ড। এ লক্ষ্যে ইউএন উইমেনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি।

সম্প্রতি আয়োজিত এক প্রাতঃরাশ বৈঠকে অংশ নেন ইউএন উইমেনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর নিয়ারাদজায়ি গুম্বনজভান্ডা

এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ক্রিস্টিন আরব।

বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে মতবিনিময় করেন সুইস রাষ্ট্রদূত। আলোচনায় পারস্পরিক অগ্রাধিকার, চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয় উঠে আসে।

বাংলাদেশে ইউএন উইমেনের সঙ্গে সুইজারল্যান্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব রয়েছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রক্রিয়াকে সহায়তা দেওয়া, রোহিঙ্গা নারী ও কিশোরীদের শিক্ষা ও জীবিকা উন্নয়ন, এবং অভিবাসী শ্রমিকদের জন্য লিঙ্গ-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক পুনর্বাসন ব্যবস্থা শক্তিশালী করা।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে নারী ক্ষমতায়ন, নিরাপদ অভিবাসন ও মানবিক সহায়তা কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী ও শিশুদের শিক্ষা, নিরাপত্তা এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে উন্নয়ন সহযোগীদের ভূমিকা বড় প্রভাব ফেলছে।

এদিকে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আরও অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক করতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দীর্ঘদিন ধরে কাজ করছে। ইউএন উইমেন ও সুইজারল্যান্ডের এই সহযোগিতাকে সেই প্রচেষ্টারই অংশ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *