দ্বিতীয় বিভাগ দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন এসএসপিএল স্পোর্টিং ক্লাব

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত দ্বিতীয় বিভাগ দাবা লিগে দারুণ সাফল্য পেয়েছে এসএসপিএল স্পোর্টিং ক্লাব। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে পূর্ণ ১৮ পয়েন্ট সংগ্রহ করে শিরোপা জিতেছে দলটি। ৯ রাউন্ডের সুইস-লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় অংশ নেয় মোট ৩০টি দল।

রোববার (১৭ই মে) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত নবম ও শেষ রাউন্ডে এসএসপিএল স্পোর্টিং ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে ওরহাম চেস টিমকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে। চ্যাম্পিয়ন দলের হয়ে খেলেছেন ক্যান্ডিডেট মাস্টার মোঃ মাছুম হোসেন, জাবেদ আল আজাদ, সিয়াম চৌধুরী, আওসাফ চৌধুরী, আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদ, জিন্নাত আক্তার শাহনাজ। দলের অধিনায়ক ও ম্যানেজারের দায়িত্ব পালন করেন আমিনুল ইসলাম।

লিগে ১৩ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে মহাখালী প্রদীপ সংঘ। একই পয়েন্ট পেলেও গেম পয়েন্ট সমান থাকায় ম্যাচ পয়েন্টে পিছিয়ে তৃতীয় স্থানে শেষ করে দেবনএয়ার চেস ক্লাব। মহাখালী প্রদীপ সংঘের হয়ে খেলেছেন শামসুল কবীর চৌধুরী, সারোয়ার হোসেন উল্লাস, ফিরোজ আহমেদ, মোঃ সিদ্দিকুর রহমান, দেওয়ান শহীদুল আমিন ও সৈয়দ সাজ্জাদ হোসেন।

দেবনএয়ার চেস ক্লাবের হয়ে অংশ নেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম, ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী, তাসনিয়া তারান্নুম অর্পা, ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার ও জান্নাতুল প্রীতি।

১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান অর্জন করেছে চেস কোড একাডেমি। ১১ পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে স্পন্দন বাংলাদেশ পঞ্চম, বাংলাদেশ পুলিশ প্লাটিনাম চেস ক্লাব ষষ্ঠ এবং দাবার ত্রয়ী অগ্রজ স্মরণ সংঘ সপ্তম স্থান লাভ করে।

এছাড়া ১০ পয়েন্ট নিয়ে দি ইনোভেটরস অষ্টম, মোহাম্মদপুর চেস ক্লাব নবম, গোলাপবাগ চেস ক্লাব দশম, ওরহাম চেস টিম একাদশ এবং গোয়ালন্দ চেস ক্লাব দ্বাদশ হয়।

শেষ রাউন্ডে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ পুলিশ প্লাটিনাম চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে বাংলাদেশ পুলিশ প্রাইম চেস ক্লাবকে হারায়। দাবার ত্রয়ী অগ্রজ স্মরণ সংঘ একই ব্যবধানে নেক্সট মুভ চেস ক্লাবকে পরাজিত করে। অন্যদিকে দি ইনোভেটরস ৩-১ গেম পয়েন্টে চেস ক্লাব অব ড্যাফোডিল ইন্টারন্যাশনালকে হারায়।

লিগ শেষে বিভিন্ন বোর্ডে সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। প্রথম বোর্ডে সেরা হন এ এস এম শোয়েব রেজা (ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব)। দ্বিতীয় বোর্ডে যৌথভাবে সেরা হন মোঃ তাহমিদ সাদমান, অরুপ গোলদার ও মোঃ ফায়জুল হক। তৃতীয় বোর্ডে সেরা নির্বাচিত হন মোঃ হাসানুর রহমান এবং চতুর্থ বোর্ডে মোহাম্মদ হাসান মিয়া।

এবারের লিগ থেকে চ্যাম্পিয়ন এসএসপিএল স্পোর্টিং ক্লাব, রানার্স-আপ মহাখালী প্রদীপ সংঘ এবং তৃতীয় স্থান অর্জনকারী দেবনএয়ার চেস ক্লাব ২০২৬ সালের প্রথম বিভাগ দাবা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *