ঢাকায় ভিজ্যুয়াল শিল্পী জুইসের স্টুডিও ও কর্মশালা পরিদর্শন করেছেন বাংলাদেশের নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে। সফরকালে তিনি শিল্পীর বিভিন্ন কাজ ঘুরে দেখেন। বিশেষ করে জুইসের পরীক্ষাধর্মী মুখোশ শিল্প রাষ্ট্রদূতের দৃষ্টি কাড়ে।
পরিদর্শনের সময় শিল্পী জুইস তার শিল্পচর্চার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি নিজের সৃষ্টিকর্মে ব্যবহৃত উপকরণ, নির্মাণ প্রক্রিয়া এবং কাজের পেছনের ভাবনা সম্পর্কে রাষ্ট্রদূতকে বিস্তারিত জানান। মুখোশভিত্তিক শিল্পকর্মগুলোর মাধ্যমে সমাজ, পরিচয় ও মানবিক অভিজ্ঞতার নানা দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।
রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে শিল্পীর কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, জুইসের কাজে সৃজনশীলতা, নতুনত্ব এবং গভীর শিল্পবোধের প্রকাশ ঘটেছে। বাংলাদেশের সমকালীন শিল্পচর্চায় এ ধরনের পরীক্ষামূলক কাজ গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও তিনি মন্তব্য করেন।
ফ্রান্স দীর্ঘদিন ধরেই শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষক দেশ হিসেবে পরিচিত। দেশটি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে কাজ করে আসছে। বাংলাদেশের সঙ্গেও ফ্রান্সের সাংস্কৃতিক সহযোগিতা ক্রমেই বাড়ছে। দুই দেশের শিল্পী, সাংস্কৃতিক সংগঠন ও সৃজনশীল অঙ্গনের মধ্যে নিয়মিত বিনিময় কার্যক্রম সেই সম্পর্ককে আরও শক্তিশালী করছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সফর বাংলাদেশের তরুণ ও বিকল্প ধারার শিল্পীদের আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলতে সহায়ক হবে। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের সাংস্কৃতিক বন্ধন আরও গভীর হবে।