দেশের গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোর নিরাপত্তা সক্ষমতা যাচাই এবং সাইবার হামলা মোকাবিলায় প্রস্তুতি উন্নত করার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো জাতীয় পর্যায়ের সাইবার নিরাপত্তা অনুশীলন। শনিবার (১৬ই মে) অনলাইনে অনুষ্ঠিত এই মহড়া আয়োজন করে ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি ।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এই অনুশীলনে অংশ নেয় দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ মোট ৬৮টি টিম। অংশগ্রহণকারীদের বিভিন্ন ধরনের বাস্তবভিত্তিক সাইবার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এর মধ্যে ছিল নেটওয়ার্ক নিরাপত্তা, ক্রিপ্টোগ্রাফি, রিভার্স ইঞ্জিনিয়ারিং, বাইনারি এক্সপ্লয়েট বিশ্লেষণ, ওয়েব সিকিউরিটি, ওপেন সোর্স ইন্টেলিজেন্স (OSINT), ডিজিটাল ফরেনসিকস এবং ইনসিডেন্ট রেসপন্সের মতো বিষয়।
অনুশীলনে অংশ নেওয়া ৬৮টি দলের মধ্যে ৯টি দল কোনো চ্যালেঞ্জ সমাধান করতে পারেনি বলে জানানো হয়। বাকি দলগুলোর মধ্যে প্রতিযোগিতা ছিল অত্যন্ত কাছাকাছি মানের।
স্কোরের ভিত্তিতে শীর্ষ তিন অবস্থানে রয়েছে দেশের তিনটি বেসরকারি ব্যাংক। প্রথম হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, স্কোর ৫৭৫০। দ্বিতীয় স্থানে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, স্কোর ৫৬০০ এবং তৃতীয় স্থানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, স্কোর ৫৫৫০।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শীর্ষ তিনটি দলকে পরে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে। সময় ও তারিখ পৃথক নোটিশে জানানো হবে।
এ বছরের অনুশীলনের একটি উল্লেখযোগ্য দিক ছিল পুরো কার্যক্রম ভিডিও নজরদারির আওতায় পরিচালনা করা। এতে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং শৃঙ্খলা বজায় রাখা সহজ হয়েছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্থাটির পরিচালক (অপারেশন–২) মো. হোসেন বিন আমিন। তিনি বলেন, সমন্বিত জাতীয় সাইবার প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে এ ধরনের অনুশীলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজনটি পরিচালিত হয় সংস্থাটির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমানের দিকনির্দেশনায়। সমাপনী বক্তব্যে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, মূল্যায়ন টিম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানানো হয়।