কার্টুন জগতের কিংবদন্তি ড. জন এ. লেন্ট আর নেই

বিশ্ব কার্টুন ও কমিকস গবেষণার অন্যতম পথিকৃৎ জন এ. লেন্ট আর নেই। তাঁর মৃত্যুতে বিশ্বজুড়ে কার্টুনিস্ট, গবেষক ও শিল্প-সাহিত্য অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

ড. জন এ. লেন্ট ছিলেন আন্তর্জাতিক কমিকস গবেষণার অন্যতম বড় নাম। তিনি প্রতিষ্ঠা করেন ইন্টারন্যাশনাল জার্নাল অফ কমিক আর্ট  (IJOCA)। এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক কমিকস গবেষণা সাময়িকী হিসেবে পরিচিত।

IJOCA-এর মাধ্যমে বিশ্বের ৫০টিরও বেশি দেশের কার্টুন ও কমিকস শিল্পীদের কাজ তুলে ধরা হয়েছে। এই জার্নাল শুধু গবেষণার ক্ষেত্র তৈরি করেনি, বরং কমিকসকে বিভিন্ন সংস্কৃতির মধ্যে যোগাযোগের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করেছে।

দীর্ঘ ৫০ বছর শিক্ষকতা করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের টেম্পল বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেছেন। অবসরে যাওয়ার পরও থেমে থাকেননি। জীবনের শেষ সময় পর্যন্ত নিজের ফিলাডেলফিয়ার বাসা থেকেই সম্পাদনা করে গেছেন IJOCA।

ড. লেন্টের বাড়ি ছিল কার্টুন ইতিহাসের এক জীবন্ত আর্কাইভ। বই, স্মৃতি আর শিল্পের গল্পে ভরা সেই ঘরে বিশ্বের বহু কিংবদন্তি কার্টুনিস্টের পদচারণা ছিল। ভারতীয় কিংবদন্তি কার্টুনিস্ট আর. কে. লক্ষ্মণ, মালয়েশিয়ার বিখ্যাত কার্টুনিস্ট লাত এবং বাংলাদেশের জনপ্রিয় কার্টুনিস্ট মেহেদী হক-এর মতো ব্যক্তিত্বরাও সেখানে গিয়েছেন।

যারা তাঁর সান্নিধ্যে এসেছেন, তারা বলছেন— ড. লেন্ট শুধু একজন গবেষক ছিলেন না, ছিলেন একজন আন্তরিক মানুষ। নতুন শিল্পীদের উৎসাহ দেওয়া এবং বিভিন্ন দেশের কার্টুন সংস্কৃতিকে একসাথে তুলে ধরার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অসামান্য।

কার্টুন ও কমিকস জগতের প্রতি তাঁর ভালোবাসা, গবেষণা এবং মানবিকতা আগামী প্রজন্মের শিল্পী ও গবেষকদের অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *