ঢাকার মিরপুরে শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, “ভোটের আগে সবাই মাজারে যায়, কিন্তু মাজারে হামলা হলে কেউ সহমর্মিতা দেখাতে আসে না।” তিনি সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন মাজার ও মাজারভক্তদের ওপর হামলাকে বিরুদ্ধ মতের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেন।
(১৭ই মে) রবিবার সকালে রাজধানীর শাহ আলী বেগদাদী (রহ.) মাজার প্রাঙ্গণে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। “সাধু-গুরু-ভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ” এবং “ভাব বৈঠকী সভা” যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন ফরহাদ মজহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ রোমেল। এতে বিপুল সংখ্যক মাজারভক্ত, সাধক, বাউল ও সাধারণ দর্শনার্থী অংশ নেন।
সম্প্রতি মিরপুর শাহ আলী মাজারে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে মঞ্জু বলেন, ছোটবেলায় অনেকেই ভক্তিভরে মাজার জিয়ারত করেছেন এবং মোমবাতি জ্বালিয়েছেন। পরে ধর্মীয় আলেমদের কাছ থেকে এসব কাজ সম্পর্কে ভিন্ন ব্যাখ্যা জানার পর অনেকে তা পরিহার করেছেন। তবে আলেমরা কখনো হামলা বা শক্তি প্রয়োগের মাধ্যমে এসব বন্ধ করার কথা বলেননি বলেও মন্তব্য করেন তিনি।
তার ভাষায়, “যুক্তি দিয়ে মানুষকে বোঝানোই ইসলামের পথ। বিরুদ্ধ মতের ওপর হামলা বা শক্তি প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
এবি পার্টির চেয়ারম্যান দেশের সব মাজারে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানান। একই সঙ্গে তিনি মাদকবিরোধী অভিযানের প্রসঙ্গ তুলে বলেন, “মাদকবিরোধী অভিযান সচিবালয় ও জাতীয় সংসদ থেকেই শুরু করতে হবে।” প্রয়োজনে প্রশাসন, সংসদ ও পুলিশে মাদকাসক্তদের তালিকা প্রকাশের কথাও উল্লেখ করেন তিনি।
অধিকার আদায়ের প্রশ্নে এবি পার্টির আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান মঞ্জু।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার এবং ফরিদুল হকসহ অন্যরা।