দুবাই ট্যাক্সি ৬ হাজার বাংলাদেশি চালক নিতে আগ্রহী

বাংলাদেশ থেকে দক্ষ চালক নিয়োগে আগ্রহ আরও বাড়িয়েছে দুবাইভিত্তিক একটি শীর্ষ ট্যাক্সি কোম্পানি। চলতি বছরে নতুন করে আরও ৬ হাজার বাংলাদেশি ড্রাইভার নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৫০০ চালক নিয়োগের জন্য ঢাকার বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকার কার্যক্রম শুরু হবে।

রোববার (১৭ই মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধি দল এসব তথ্য জানায়।

সাক্ষাৎকালে মন্ত্রী প্রতিনিধি দলকে বাংলাদেশ থেকে দক্ষ চালক নিয়োগের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশি কর্মীরা বিশ্ববাজারে নিজেদের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে সুনাম অর্জন করেছেন। ভবিষ্যতেও এই নিয়োগ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী জানান, পুরো নিয়োগ প্রক্রিয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে তিনি দুবাইয়ে যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের জন্য বেতন-ভাতার ব্যবস্থা রাখার অনুরোধ জানান কোম্পানিটির প্রতি।

এ সময় তিনি শুধু চালক নয়, বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ বিভিন্ন পেশাজীবী বা ‘হোয়াইট কলার’ কর্মী নিয়োগের দিকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমুজিন চালক হিসেবে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের পরিশ্রমী ও দায়িত্বশীল হওয়ার কারণে নিয়োগে তাদের অগ্রাধিকার দেওয়া হয় বলেও জানান তারা।

প্রতিনিধিরা আরও বলেন, দুবাই বিমানবন্দরেও বাংলাদেশি নারীরা সফলভাবে ড্রাইভিং পেশায় কাজ করছেন, যা দেশটির কর্মক্ষেত্রে বাংলাদেশিদের সক্ষমতার একটি ইতিবাচক উদাহরণ।

সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক অভিবাসন ব্যয় কমানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একজন ড্রাইভারের দুবাই যেতে বর্তমানে অনেক অর্থ ব্যয় হয়। অধিকাংশ কর্মী দরিদ্র ও শ্রমজীবী হওয়ায় অনেকেই ঋণ নিয়ে বিদেশে যান। তাই অভিবাসন ব্যয় কমিয়ে এক লাখ টাকার মধ্যে রাখার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানান।

সৌজন্য সাক্ষাতে মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, দুবাই ট্যাক্সি কোম্পানি ও আল আনাস ওভারসীজ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *