ত্রিপুরা ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফিরে আসা’র উদ্বোধনী প্রদর্শনী

বাংলাদেশের বৈচিত্র্যময় আদিবাসী সংস্কৃতি ও ভাষাভিত্তিক চলচ্চিত্রচর্চাকে সামনে এনে পার্বত্য চট্টগ্রামের ত্রিপুরা জনগোষ্ঠীর ভাষায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফিরে আসা (Return)’-এর উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করেছে জহির রায়হান চলচ্চিত্র সংসদ।

১৬ই  মে ২০২৬, শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর ধানমন্ডির ভিনটেজ কনভেনশন হল-এ এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন ড. মং উষা থোয়াই। পরিচালনা করেছেন নির্মাতা প্রদীপ ঘোষ। নির্মাতারা জানান, পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জীবনের আবেগ, সংগ্রাম, স্মৃতি ও আত্মপরিচয়ের প্রশ্নকে কেন্দ্র করে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। এতে ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ গবেষক ও চলচ্চিত্র নির্মাতা কাওসার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাংবাদিক ও চলচ্চিত্র গবেষক বিধান রিবেরু।

প্রদর্শনী শেষে প্রযোজক ড. মং উষা থোয়াই এবং পরিচালক প্রদীপ ঘোষ দর্শকদের সঙ্গে মতবিনিময় করবেন। তারা চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা ও এর পেছনের ভাবনা তুলে ধরবেন।

আজমীর তারেক চৌধুরী বলেন, বাংলাদেশের প্রতিটি জাতিগোষ্ঠীর ভাষা, স্মৃতি ও জীবন-অভিজ্ঞতা দেশের সম্মিলিত সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। তার ভাষায়, চলচ্চিত্র এমন একটি মাধ্যম যা এই বহুস্বরিক বাস্তবতাকে ধারণ ও সংরক্ষণ করতে পারে। তিনি আরও বলেন, ‘ফিরে আসা’ শুধু একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নয়; এটি পার্বত্য জনপদের মানুষের ইতিহাস, আবেগ ও আত্মপরিচয়ের শিল্পিত দলিল।

আয়োজকরা জানিয়েছেন, চলচ্চিত্রপ্রেমী, গবেষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *