নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শিল্পাঞ্চলে অবস্থিত মেঘনাঘাট জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ ও এইচডিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা ক্যান্টিনে দুপুরের খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই ক্যান্টিনের ভেতরে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণে উপস্থিত কয়েকজনের হাত, মুখ ও পা দগ্ধ হয়। পরে সহকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
ঘটনার পর আহতদের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান সরদার মোঃ সাখাওয়াত হোসেন, অনিন্দ্য ইসলাম অমিত এবং মোঃ রেজাউল করিম। তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।
এ সময় মন্ত্রীরা আহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন। চিকিৎসা ব্যয়ে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে বলেও আশ্বাস দেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দুপুরে ১২ জন দগ্ধ রোগী হাসপাতালে আনা হয়েছে। তাদের দগ্ধের মাত্রা পরীক্ষা করা হচ্ছে। অতিরিক্ত দগ্ধ হওয়ায় তিনজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যান্টিনের চুলার গ্যাস লাইনে লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।