তুরস্কের ইস্তাম্বুলে বিশ্ব এথনোস্পোর্ট কনফেডারেশনের (ডব্লিউইসি) সভাপতি নেকমেদ্দিন বিলাল এরদোয়ান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। বৈঠকে দুই দেশের ঐতিহ্যবাহী ও দেশীয় খেলাধুলার উন্নয়ন, সংরক্ষণ এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
১২ই মে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশের গ্রামীণ খেলাধুলার সমৃদ্ধ ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক ক্রীড়ার বিশ্বে প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ হলেও প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হিসেবে দেশীয় খেলাধুলাকে টিকিয়ে রাখাও সমান জরুরি।
বৈঠকে দেশীয় খেলাগুলোকে আধুনিকায়ন করে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে ঐতিহ্যবাহী খেলাধুলার সঙ্গে যুক্ত করা এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে এথনোস্পোর্টকে আরও বিস্তৃত করার বিষয়টি গুরুত্ব পায়।
ডব্লিউইসি সভাপতি বিলাল এরদোয়ান বাংলাদেশের ক্রীড়া খাতের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, ঐতিহ্যবাহী খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি জাতির ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ। বাংলাদেশে দেশীয় খেলাধুলার প্রসারে অভিজ্ঞতা ও সহযোগিতা দিতে তার সংগঠন সবসময় পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
সফরকালে প্রতিমন্ত্রী আমিনুল হক বিলাল এরদোয়ানকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন ডব্লিউইসি সভাপতি।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এই আলোচনা বাংলাদেশ ও তুরস্কের ক্রীড়া সম্পর্ককে নতুন মাত্রা দেবে। একই সঙ্গে দুই দেশের তৃণমূল পর্যায়ের খেলোয়াড়রা ভবিষ্যতে অভিজ্ঞতা বিনিময় ও যৌথ উদ্যোগের মাধ্যমে উপকৃত হবেন বলেও তিনি মনে করেন।