সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৬ মে জেদ্দা চেম্বার অব কমার্সে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কনসাল জেনারেল জনাব শাখাওয়াত হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন জেদ্দা চেম্বার অব কমার্সের সহকারী মহাসচিব বন্দর আলী রেদা–এর সঙ্গে।
বৈঠকের শুরুতে উভয় পক্ষ শুভেচ্ছা বিনিময় করেন। পরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশের কনসাল জেনারেল জেদ্দা চেম্বারের অব্যাহত সহযোগিতা কামনা করেন। বিশেষ করে সৌদি বাজারে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রবেশ সহজ করতে সহায়তা চাওয়া হয়।
তিনি বলেন, বাংলাদেশি পণ্যের মান আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক। একই সঙ্গে এসব পণ্যের দামও তুলনামূলকভাবে সাশ্রয়ী। ফলে সৌদি ভোক্তাদের চাহিদা পূরণে বাংলাদেশি পণ্যের বড় সম্ভাবনা রয়েছে।
বৈঠকে বাংলাদেশের শিল্প খাত ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর কথাও তুলে ধরা হয়। কনসাল জেনারেল বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলেছে। বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগের জন্য আকর্ষণীয় সুযোগ তৈরি হয়েছে।
অন্যদিকে, জেদ্দা চেম্বার অফ কমার্স–এর পক্ষ থেকে বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়। সহকারী মহাসচিব বন্দার আলী রেদা বাংলাদেশি প্রতিনিধিদলের সফরকে স্বাগত জানান। তিনি ব্যবসাবান্ধব সহযোগিতামূলক পরিবেশ তৈরিতে জেদ্দা চেম্বারের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা এবং কাউন্সেলর মেহবুব জামান।