জাপানের একটি ছোট্ট কনবিনিতে কাজ করতেন বাংলাদেশের তরুণ জাহিদুল ইসলাম। বয়স মাত্র ২৩ বছর। কিন্তু তাঁর সচেতনতা ও মানবিক সিদ্ধান্ত বাঁচিয়ে দিলেন এক জাপানি নারীকে বড় ধরনের প্রতারণার হাত থেকে।
ঘটনাটি জাপানের কানসাই অঞ্চলের হিয়োগো প্রিফেকচারের কোবে শহরের চুও ওয়ার্ডে। সেখানে সেভেন-ইলেভেন কোবে মোটোমাচি স্টেশন পশ্চিম শাখা-এ কর্মরত ছিলেন জাহিদুল।
গত ৬ই ফেব্রুয়ারি এক জাপানি নারী দোকানে এসে “এপল গিফট কার্ড” কিনতে চান। জাপানের কনবিনিগুলোতে প্রতিদিনই এমন গিফট কার্ড বিক্রি হয়। তাই বিষয়টি প্রথমে স্বাভাবিকই মনে হতে পারত।
তবে জাহিদুলের কাছে ঘটনাটি সন্দেহজনক মনে হয়। তিনি ভদ্রভাবে জানতে চান কেন ওই নারী গিফট কার্ড কিনতে চান।
তখন নারী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেখেছেন যে, মাত্র ৫ হাজার ইয়েন “ট্রান্সফার ফি” দিলেই তিনি ২০ লাখ ইয়েন পাবেন।
এই কথা শুনেই জাহিদুল বুঝতে পারেন, এটি প্রতারণার ফাঁদ হতে পারে। জাপানে এ ধরনের প্রতারণা “তোকুশু সাগি” বা বিশেষ প্রতারণা নামে পরিচিত। সাধারণত বয়স্ক মানুষদের লক্ষ্য করে এ চক্র কাজ করে। প্রথমে ছোট অঙ্কের অর্থ বা গিফট কার্ড কিনতে বলা হয়। পরে বিভিন্ন অজুহাতে আরও অর্থ নেওয়া হয়। কিন্তু ভুক্তভোগী শেষ পর্যন্ত কোনো অর্থই ফেরত পান না।
জাহিদুল চাইলে শুধু পণ্য বিক্রি করেই দায়িত্ব শেষ করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি।
তিনি ওই নারীকে নিয়ে কাছের কোবান বা পুলিশ বক্সে যান। সেখানে পুরো ঘটনা পুলিশকে জানান। তাঁর সতর্কতায় প্রতারণার বড় ক্ষতি থেকে রক্ষা পান ওই নারী।
এই মানবিক কাজের স্বীকৃতি হিসেবে সম্প্রতি হিয়োগো প্রিফেকচারাল পুলিশের ইকুতা থানার প্রধান নাকামুরা নোবুয়ুকি জাহিদুলের হাতে কৃতজ্ঞতাপত্র তুলে দেন। জাপানি সংবাদমাধ্যমেও তাঁর এই কাজ প্রসংশিত হয়েছে।
জানা গেছে, যাকে তিনি প্রতারণার হাত থেকে বাঁচিয়েছেন, তিনি ছিলেন দোকানের নিয়মিত ক্রেতা। জাহিদুলের সঙ্গে তাঁর প্রায়ই কথা হতো। সেই পরিচয় ও বিশ্বাসই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রবাসজীবনে অনেক বাংলাদেশি কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করছেন। তাঁদের প্রতিদিনের আচরণ, দায়িত্ববোধ ও সততা বিদেশের মাটিতে বাংলাদেশের পরিচয় বহন করে।
ইসলাম জাহিদুলের এই উদ্যোগ দেখিয়েছে, মানুষের পাশে দাঁড়াতে বড় পদ বা ক্ষমতা লাগে না। প্রয়োজন সচেতনতা, সাহস এবং মানবিক মনোভাব।
জাপানের এক বৃদ্ধাকে প্রতারণার হাত থেকে বাঁচিয়ে এই বাংলাদেশি তরুণ শুধু একজন মানুষকেই সহায়তা করেননি, উজ্জ্বল করেছেন বাংলাদেশের ভাবমূর্তিও।