বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে দ্বিতীয় বিভাগ দাবা লিগ শনিবার (৯ই মে) থেকে রাজধানীতে শুরু হয়েছে। বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এবার অংশ নিয়েছে ৩০টি দল। নয় দিনব্যাপী এই লিগে মোট ৯ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে সুইস-লিগ পদ্ধতিতে।
লিগের উদ্বোধনী দিনে কয়েকটি দল দারুণ সূচনা করেছে। এসএসপিএল স্পোর্টিং ক্লাব প্রথম রাউন্ডে মালিবাগ চেস ক্লাবকে ৪-০ গেম পয়েন্টে হারিয়ে শক্ত অবস্থান নিয়েছে। একই ব্যবধানে জয় পেয়েছে স্পন্দন বাংলাদেশ, মোহাম্মদপুর চেস ক্লাব, বাংলাদেশ পুলিশ প্রাইম চেস ক্লাব, গোলাপবাগ চেস ক্লাব এবং দি ইনোভেটরস।
মহাখালী প্রদীপ সংঘ ৩-১ গেম পয়েন্টে আফরোজ চেস ওয়ার্ল্ডকে পরাজিত করেছে। ওরহাম চেস ক্লাবও একই ব্যবধানে বোটিয়াঘাটা চেস অ্যাসোসিয়েশনকে হারিয়েছে।
এদিকে আসাদ চেস ক্লাব, দেবনএয়ার চেস ক্লাব, বাংলাদেশ পুলিশ প্লাটিনাম চেস ক্লাব, চেস কোড একাডেমি চট্টগ্রাম এবং নেক্সট মুভ চেস ক্লাব নিজ নিজ ম্যাচে ৩.৫-০.৫ গেম পয়েন্টে জয় তুলে নিয়েছে।
দাবার ত্রয়ী অগ্রজ স্মরণ সংঘ ২.৫-১.৫ গেম পয়েন্টে চেস ক্লাব অব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়েছে। অন্যদিকে মনমোহন চেস ক্লাব, ময়মনসিংহ এবং এসিপি’বি ঝিনাইদহ ২-২ গেম পয়েন্টে ড্র করেছে।
লিগ শেষে শীর্ষ তিনটি দল ২০২৬ সালের প্রথম বিভাগ দাবা লিগে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করবে। তাই শুরু থেকেই প্রতিটি ম্যাচে বাড়তি প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে।