বাংলাদেশ সেন্টার লন্ডনের নির্বাচন ১৭ মে

লন্ডনের ঐতিহ্যবাহী প্রবাসী সংগঠন বাংলাদেশ সেন্টার লন্ডন–এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ম্যানেজমেন্ট কমিটির নির্বাচন ১৭ই মে, রোববার অনুষ্ঠিত হবে। পূর্ব লন্ডনের ইমপ্রেশন ভেন্যু–তে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেন্টারের সদস্যদের ভোটাধিকার প্রয়োগে অংশ নিতে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক এই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায় সদস্যদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২২শে এপ্রিল বুধবার সন্ধ্যা ৫টা থেকে ৭টা পর্যন্ত নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া হয়। বাংলাদেশ সেন্টার লন্ডন–এর নিজস্ব ভবন ২৪ প্রেমব্রিজ গার্ডেনে মনোনয়নপত্র গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার সলিসিটর বেলায়েত হোসেন, নির্বাচন কমিশনার ব্যারিস্টার আবুল কালাম এবং সলিসিটর মাহদি হাসান।

প্রধান নির্বাচন কমিশনার সলিসিটর বেলায়েত হোসেন জানান, আগামী দুই বছরের জন্য বাংলাদেশ সেন্টারের ম্যানেজমেন্ট কমিটি গঠনে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আগামী ২৬শে এপ্রিল ছিলো মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এরপর যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা ২৮শে এপ্রিল বাংলাদেশ সেন্টার লন্ডনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি কার্যক্রমে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ সেন্টার লন্ডন। আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে কমিউনিটির বিভিন্ন মহলে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *