অপরাজিত চ্যাম্পিয়ন সিটি ক্লাব, প্রিমিয়ার লিগে উঠল ৬৪ স্কোয়ারও

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজিত ১ম বিভাগ দাবা লিগে দাপুটে পারফরম্যান্সে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সিটি ক্লাব। টুর্নামেন্টের ৮ খেলায় পূর্ণ ১৬ পয়েন্ট সংগ্রহ করে শিরোপা নিশ্চিত করে দলটি। শেষ রাউন্ডেও বড় জয় তুলে নিয়ে নিজেদের আধিপত্যের প্রমাণ দেয় সিটি ক্লাব।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নবম ও শেষ রাউন্ডে সিটি ক্লাব ৪-০ গেম পয়েন্টে চেকমেট আলফাকে হারায়। দলের হয়ে ভারতীয় ক্যান্ডিডেট মাস্টার শ্রায়ন মজুমদার, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, আন্তর্জাতিক মাস্টার রাহুল সাংমা এবং মো. ইফতেখার আলম নিজ নিজ খেলায় জয় পান। তারা যথাক্রমে মো. ইউসুফ সালেহ আহামেদ, মো. আব্দুর রশিদ, হুমায়ন কবীর ও শেখ মোহাম্মদউল্লাহকে পরাজিত করেন।

এবারের লিগে সিটি ক্লাবের হয়ে খেলেছেন ক্যান্ডিডেট মাস্টার মো. জামাল উদ্দিন, ভারতীয় ক্যান্ডিডেট মাস্টার শ্রায়ন মজুমদার, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, আন্তর্জাতিক মাস্টার রাহুল সাংমা, মো. ইফতেখার আলম এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ। দলের অধিনায়ক ছিলেন ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ।

১৩ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে ৬৪ স্কোয়ার চেস ক্লাব। শেষ রাউন্ডে তারা ৩.৫-০.৫ গেম পয়েন্টে স্পোর্টস বাংলা ‘বি’কে পরাজিত করে। দলের হয়ে আব্দুল মোমিন, সৌরভ চৌবে এবং ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকার জয় পান। অন্যদিকে সাজ্জাদ কিশোর ও মাহতাবউদ্দিন আহমেদের ম্যাচ ড্র হয়।

১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করে ক্লাসিক চেস একাডেমি। এছাড়া ৯ পয়েন্ট নিয়ে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি চতুর্থ, ৮ পয়েন্ট নিয়ে আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল চেস ক্লাব পঞ্চম এবং একই পয়েন্টে শফিউদ্দিন শাহ স্মৃতি সংসদ ষষ্ঠ হয়।

শেষ রাউন্ডে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি ৪-০ ব্যবধানে চেকমেটকে হারায়। অন্য ম্যাচে আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে শফিউদ্দিন শাহ স্মৃতি সংসদকে পরাজিত করে।

লিগ শেষে বিভিন্ন বোর্ডে সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। প্রথম বোর্ডে সেরা হন ক্যান্ডিডেট মাস্টার মো. জামাল উদ্দিন। দ্বিতীয় বোর্ডে শ্রায়ন মজুমদার, তৃতীয় বোর্ডে সুব্রত বিশ্বাস এবং চতুর্থ বোর্ডে আন্তর্জাতিক মাস্টার রাহুল সাংমা সেরা নির্বাচিত হন। অতিরিক্ত বোর্ডে পুরস্কার পান ৬৪ স্কোয়ার চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার এস এম স্মরন ও ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ।

চ্যাম্পিয়ন সিটি ক্লাব এবং রানার্স-আপ ৬৪ স্কোয়ার চেস ক্লাব ২০২৬ সালের প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন ভূঁইয়া, ফেডারেশনের সদস্য আমিনুল ইসলাম এবং আন্তর্জাতিক বিচারক মোঃ হারুন অর রশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *