ঢাকা ও চীনা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চীনের সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ (এসআইআইএস)-এর প্রেসিডেন্ট অধ্যাপক ছেন তোংসিয়াও-এর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার (৭ই মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, গবেষণা সহযোগিতা এবং কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা হয়। প্রতিনিধিদলে চীনের কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও গবেষকরাও অংশ নেন।

প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন ইয়ুনান ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক তুয়ান সিংউউ, একাডেমি অফ কনটেম্পরারি চায়না অ্যান্ড ওয়ার্ল্ড স্টাডিজের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ফ্যান তাছি, থোংচি ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক এলভি পেইমিং এবং ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক উ চিয়ান।

সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর চায়না স্টাডিজ’-এর অ্যাকাডেমিক বোর্ডের পূর্ণাঙ্গ সভায় অংশ নেয়। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায়ের শিক্ষাবিদরাও উপস্থিত ছিলেন।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মের জন্য নতুন শিক্ষার সুযোগ তৈরি এবং উন্নত গবেষণার পরিবেশ গড়ে তুলতে চীনা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কাজ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় আগ্রহী। তিনি শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি ও কারিগরি প্রশিক্ষণ উদ্যোগ আরও সক্রিয় করার ওপর গুরুত্ব দেন।

চীনা প্রতিনিধিদলের পক্ষ থেকেও বাংলাদেশের সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করা হয়। তারা দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি একাডেমিক সম্পর্ক গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোযানা রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *