সরকারি জমিতে দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। সরকারি মালিকানাধীন জমিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ  বা বেজা। এ লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে সংস্থাটি।

বুধবার (৬ই মে) স্বাক্ষরিত এই সমঝোতার মাধ্যমে দেশের প্রথম সরকারি জমিভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। প্রকল্পটি বাস্তবায়িত হবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অনুমোদিত “পিপিপি মডেল ব্যবহার করে সরকারি সংস্থার মালিকানাধীন জমিতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প উন্নয়ন নির্দেশিকা ২০২৬”-এর আওতায়।

প্রকল্পের জন্য চট্টগ্রামের মিরসরাই ও ফেনী অঞ্চলে গড়ে ওঠা জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এনএসইজেড) আওতাধীন ফেনীর সোনাগাজী উপজেলায় বেজার মালিকানাধীন প্রায় ৪১২ একর জমি নির্ধারণ করা হয়েছে। সেখানে একটি বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা সরকারি জমিকে উৎপাদনশীল কাজে ব্যবহারের এটি একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হতে পারে। একই সঙ্গে শিল্পাঞ্চলে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের পথও আরও বিস্তৃত হবে।

বেজার মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সবুজ শিল্পায়ন ত্বরান্বিত হবে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়তা করবে। পাশাপাশি বেসরকারি বিনিয়োগকারীদের জন্যও নবায়নযোগ্য জ্বালানি খাতে নতুন সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে বেজার পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সংস্থাটির নির্বাহী বোর্ডের সচিব ও যুগ্মসচিব ড. জুলিয়া মঈন। বিপিডিবির পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির সচিব আফরোজা সুলতানা।

জ্বালানি বিশ্লেষকদের মতে, বাংলাদেশে শিল্প খাতে বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ছে। এমন পরিস্থিতিতে সৌরবিদ্যুৎকেন্দ্রিক বড় প্রকল্পগুলো দেশের জ্বালানি নিরাপত্তা ও কার্বন নিঃসরণ কমানোর কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *