বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) নবনিযুক্ত ৩৯ জন কর্মকর্তা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা’র বাংলাদেশ অফিস পরিদর্শন করেছেন। তারা বর্তমানে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ফাউন্ডেশন ট্রেনিং কোর্সে অংশ নিচ্ছেন।
সফরকালে জাইকা কর্মকর্তারা বাংলাদেশের সঙ্গে সংস্থাটির দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, জ্বালানি ও মানবসম্পদ উন্নয়ন খাতে জাইকার চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
অংশগ্রহণকারী কর্মকর্তারা আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে ধারণা লাভ করেন। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের মধ্যে সমন্বয়ের গুরুত্ব সম্পর্কেও আলোচনা হয়।
জাইকা জানায়, বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নে তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের প্রশাসনিক নেতৃত্ব গড়ে তুলতে সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রশিক্ষণার্থীরা বলেন, এ ধরনের সফর তাদের প্রশাসনিক দক্ষতা ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনে সহায়ক হবে। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে কীভাবে বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়, সে সম্পর্কেও তারা ধারণা পেয়েছেন।
বাংলাদেশে জাইকা বহু বছর ধরে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করছে। মেট্রোরেল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামোসহ বিভিন্ন বড় প্রকল্পে সংস্থাটির সহায়তা রয়েছে।