রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ৯ই মে ২০২৬, শনিবার সকাল ৯টায় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
দলীয় সূত্রে জানা গেছে, এই মতবিনিময় সভাকে কেন্দ্র করে সারাদেশের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সভায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের আমন্ত্রিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
মোট ৮১টি সাংগঠনিক ইউনিট থেকে নির্বাচিত ও আমন্ত্রিত নেতাদের এ সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সাংগঠনিক কর্মকৌশল আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, উত্তর মহানগরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
৬ মে ২০২৬ তারিখে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাকে কেন্দ্র করে কেআইবি মিলনায়তন ও আশপাশ এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা এবং সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে। একই সঙ্গে তরুণ নেতৃত্বকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হতে পারে।
দীর্ঘদিন পর দলীয় প্রধানের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হওয়ায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সংশ্লিষ্টদের মতে, এই মতবিনিময় সভার মাধ্যমে সংগঠনের অভ্যন্তরে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি হবে।
এদিকে, সভাকে কেন্দ্র করে ফার্মগেট ও আশপাশ এলাকায় সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দলীয় স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শাকিলুজ্জামান
টাঙ্গাইল প্রতিনিধি