বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে সিডনিতে আন্তর্জাতিক সেমিনার

অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বায় এক আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করার ওপর জোর দিয়েছেন প্রবাসী শিক্ষাবিদ, গবেষক ও নীতিনির্ধারকরা।  ১লা মে সন্ধ্যায় ধানসিঁড়ি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এই সেমিনারটি প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও শিক্ষাবিদ প্রফেসর ড. শাহেদা ওবায়েদ। তিনি তাঁর মূল প্রবন্ধে বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতার যুগে শুধু পাঠ্যজ্ঞান নয়, দক্ষতা, উদ্ভাবন এবং মূল্যবোধভিত্তিক শিক্ষা জরুরি। তিনি বাংলাদেশের শিক্ষাখাতের বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং টেকসই উন্নয়নের কৌশল তুলে ধরেন।

সেমিনারে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষা সহায়তাকারী সংস্থা, সাংবাদিক ও কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভয়েস অব সিডনির সম্পাদক অর্ক হাসান এবং সভাপতিত্ব করেন রিলায়াবল কলেজ অব নার্সিং-এর প্রধান নির্বাহী মোহাম্মাদ আবদুল মতিন।

আলোচকরা বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে হলে কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষার প্রসার, আন্তর্জাতিক মানের কারিকুলাম প্রণয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। একই সঙ্গে প্রবাসীদের অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের শিক্ষাখাতে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উঠে আসে। এর মধ্যে রয়েছে—শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ, বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা, এবং শিক্ষাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা। বক্তারা আরও বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে শিক্ষা নীতিতে বড় ধরনের পরিবর্তন না এনে ধারাবাহিক উন্নয়ন বজায় রাখা দরকার।

বক্তারা সতর্ক করে বলেন, একটি দেশের অগ্রগতি তার শিক্ষা ব্যবস্থার ওপর নির্ভর করে। শিক্ষার মান কমে গেলে জাতি পিছিয়ে পড়ে, আর উন্নত শিক্ষা একটি জাতিকে আত্মনির্ভর ও উদ্ভাবনী করে তোলে। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা, গবেষণাভিত্তিক নীতিনির্ধারণ এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সেমিনারে বিজ্ঞানী, শিক্ষাবিদ, আইন বিশেষজ্ঞ, রাজনীতিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা বক্তব্য দেন। অংশ নেন প্রবাসী অভিভাবক ও শিক্ষার্থীরাও। প্রশ্নোত্তর পর্বে শিক্ষা ব্যবস্থার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।

প্রবাসী পত্রিকা ‘বিদেশ বাংলা’ ও ‘ভয়েস অব সিডনি’ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও আন্তর্জাতিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রবাসীদের সম্পৃক্ততা দেশের উন্নয়নে নতুন পথ তৈরি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *