জেলা প্রশাসকদের সক্রিয়তায় পর্যটনে বড় পরিবর্তনের আশা


রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ সোমবার (৪ঠা মে) জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকরা অংশ নেন।

অধিবেশনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বিএনপি সরকার জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে কাজ করছে। মাঠ পর্যায়ে উন্নয়ন এগিয়ে নিতে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকায় উন্নয়ন কার্যক্রম জোরদার করবেন।

পর্যটন খাত নিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে দেশের জিডিপিতে এই খাতের অবদান প্রায় ৩ শতাংশ। সরকার এটি বাড়িয়ে ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করতে চায়। তিনি জানান, দেশে মোট ১,৭৪২টি পর্যটন স্পট রয়েছে। প্রায় প্রতিটি জেলাতেই সম্ভাবনাময় স্থান আছে। এই খাতের উন্নয়নে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে।

মন্ত্রী বিশেষভাবে মানিকগঞ্জের ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি এবং তেওতা জমিদার বাড়ি উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জেলা প্রশাসকরাই স্থানীয় পরিবর্তনের চালিকাশক্তি হতে পারেন। একটি নতুন পর্যটন স্পট বা পরিচ্ছন্ন পরিবেশ একটি জেলার অর্থনীতিকে বদলে দিতে পারে। তিনি সবাইকে সৃজনশীল উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

অধিবেশনে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। এছাড়া সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, এমপি এবং প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা জাহেদ উর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারি সূত্র জানায়, এবারের সম্মেলনে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে পর্যটন খাতকে নতুনভাবে গড়ে তোলার বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *