রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে অবস্থিত বাংলা একাডেমির বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রে নারীদের সেলাই প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচের সনদ বিতরণ এবং দ্বিতীয় ব্যাচের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে ২০২৬) সকাল ১১টায় স্মৃতিকেন্দ্রের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্মৃতিকেন্দ্রের উপপরিচালক (চলতি দায়িত্ব) এস. এম. জাহাঙ্গীর কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির প্রশাসন, মানবসম্পদ উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক সমীর কুমার সরকার। সভাপতিত্ব করেন একাডেমির সচিব ড. মোঃ সেলিম রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহপরিচালক (চলতি দায়িত্ব) মো. আবিদ করিম।
প্রধান অতিথি সমীর কুমার সরকার বলেন, বর্তমান সময়ে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের গুরুত্ব অনেক বেড়েছে। নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে প্রতিনিয়ত। যারা দক্ষতা অর্জন করছে, তারাই এগিয়ে যাচ্ছে। এই প্রশিক্ষণ নারীদের জন্য নতুন সম্ভাবনার পথ খুলে দেবে।
সভাপতির বক্তব্যে ড. মোঃ সেলিম রেজা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই বাংলা একাডেমি নারীদের স্বাবলম্বী করতে এমন উদ্যোগ নিয়েছে। বেগম রোকেয়ার স্বপ্ন ছিল নারীরা নিজের পায়ে দাঁড়াবে—এই ধরনের কর্মসূচি সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্মৃতিকেন্দ্র সূত্রে জানা গেছে, সেলাই প্রশিক্ষণ কোর্সের পাশাপাশি এখানে বছরজুড়ে শিশু-কিশোরদের জন্য বিনামূল্যে চিত্রাঙ্কন ও সংগীত প্রশিক্ষণও চালু রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এসব কর্মসূচি ইতিবাচক সাড়া ফেলেছে।