যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণে পূর্ব লন্ডনের একটি স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে “দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ ২০২৬”। গত ২৬ এপ্রিল রোববার বিকেল ৫টায় শুরু হওয়া এই টুর্নামেন্টটি প্রাণবন্ত ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আসা খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নেয়। শুরু থেকেই প্রতিটি ম্যাচে ছিল উত্তেজনা আর দর্শকদের উচ্ছ্বাস।
চমৎকার নৈপুণ্য দেখিয়ে ব্রিস্টল থেকে আসা বাবরু ও টুটুল জুটি ফাইনালে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারা ট্রফি ও পুরস্কার গ্রহণ করেন। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করা লন্ডনের জামাল খান ও আলী জুটি রানার্সআপ হয়। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয়ী হয় রায়হান ও রাশেদ জুটি।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল মুহিব (বিধু মিয়া)। অনুষ্ঠানটি শুরু হয় যুব সংগঠক জামাল আহমদ খানের স্বাগত বক্তব্যের মাধ্যমে। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিটির সদস্য ফয়জুর রহমান ফয়েজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ-ওসমানীনগর সমিতির সাবেক সভাপতি কবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি রশীদ আহমদ, কমিউনিটি নেতা আব্দুর রাজ্জাক, গয়াসুর রহমান, আবুল কালাম ও আলমাছ খান আজাদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাসির উদ্দিন খান, আব্দুর রহিম জিলু মিয়া, বদরুল হোসাইন চৌধুরী জুনা, সাইফুর রহমান, আব্দুল আজিম সেলিম, সিরাজুল ইসলাম ও আব্দুল লতিফ প্রমুখ।
পুরো টুর্নামেন্ট পরিচালনা করেন আব্দুল বাছির ও মইনুল ইসলাম। আয়োজকরা জানান, প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য গড়ে তুলতেই এমন আয়োজন নিয়মিত করার পরিকল্পনা রয়েছে।
শেষে খেলা ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে অংশগ্রহণকারী খেলোয়াড়, অতিথি ও স্বেচ্ছাসেবকদের প্রতি বিশেষ ধন্যবাদ জানানো হয়।