বিয়ানীবাজারে চালু হলো বিশ্বমানের ফিজিওথেরাপি সেন্টার


সিলেটের বিয়ানীবাজারে স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন হিসেবে চালু হলো একটি আধুনিক ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টার। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের নবনির্মিত ‘সায়রা খানম উইং’-এ এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের মেডিকেল অ্যাডভাইজার ও সাবেক সিভিল সার্জন ডা. ফয়েজ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও প্রবাসীকল্যাণ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি। বিশেষ অতিথি ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওটোল্যারিঙ্গোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে আন্তর্জাতিক মানের এই সেবা কেন্দ্র চালু হওয়ায় আশপাশের কয়েকটি উপজেলার মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবেন। তিনি উল্লেখ করেন, আধুনিক চিকিৎসায় ফিজিওথেরাপি ও পুনর্বাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। এই উদ্যোগের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতেও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ অতিথি এমরান আহমেদ চৌধুরী বলেন, দল-মত নির্বিশেষে সকলের অংশগ্রহণ ও সহযোগিতায় এই প্রতিষ্ঠান আরও শক্তিশালী হবে এবং মানসম্মত সেবা দিতে পারবে। তিনি প্রতিষ্ঠানটির উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক, যুক্তরাজ্য প্রবাসী ও চ্যারিটি ব্যক্তিত্ব আলহাজ মফিজ খানসহ স্থানীয় রাজনীতিবিদ, সমাজসেবক ও সাংবাদিকরা।

হাসপাতালের পক্ষ থেকে সিইও ও এমডি মোহাম্মদ সাব উদ্দিন, কান্ট্রি ডিরেক্টর তোফায়েল খান, ট্রাস্টি লুতফুর রহমান এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দূরারোগ্য ও ক্যান্সার আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এছাড়া হাসপাতালের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা উপস্থাপন করেন তাসলিমা আক্তার কেয়া এবং ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবার ওপর তথ্যভিত্তিক উপস্থাপনা দেন এস এম সায়দুর রহমান।

নতুন এই ফিজিওথেরাপি সেন্টার চালুর মাধ্যমে বিয়ানীবাজারে বিশেষায়িত চিকিৎসা সেবা আরও সহজলভ্য হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *