সিলেটের বিয়ানীবাজারে ক্যান্সার চিকিৎসা সেবায় আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন (বিবিসিজিএইচএফ) এবং চীনের গুয়াংজু ভিত্তিক সেন্ট স্ট্যামফোর্ড মডার্ন ক্যান্সার হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বিবিসিজিএইচএফ-এর কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে সহযোগিতা করে বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার।
এই সমঝোতার মূল লক্ষ্য হলো ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও তথ্য বিনিময়, চিকিৎসকদের প্রশিক্ষণ, রোগী রেফারেল সুবিধা বাড়ানো এবং উন্নত চিকিৎসা ব্যবস্থাপনা চালু করা। সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে স্থানীয় রোগীরা বিদেশে না গিয়েই অনেক উন্নত চিকিৎসা সেবা পেতে পারেন।
অনুষ্ঠানে বিবিসিজিএইচএফ-এর পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি ডাইরেক্টর তোফায়েল খান, ইনচার্জ ডা. কাওসার রহমান, সিনিয়র মেডিকেল অফিসার ডা. ইফতেখার উল ইসলাম এবং ডা. তাসমিয়া রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
অন্যদিকে চীনা হাসপাতালের পক্ষে অংশ নেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. লিং জিন, এমিলি সাই, ডা. রাজিব দেবনাথ, সিফাত এ জান্নাত, জি এম ফাহাদ আলি, মোহাম্মদ আকাশ ও রাহাত হাসান।
উভয় পক্ষের প্রতিনিধিরা জানান, এই চুক্তির মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক বিনিময়, অনলাইন পরামর্শ এবং উন্নত চিকিৎসা পদ্ধতি শেয়ার করার সুযোগ তৈরি হবে। এর ফলে বিয়ানীবাজারসহ আশেপাশের এলাকার ক্যান্সার রোগীরা আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা পাওয়ার সুযোগ বাড়বে।
তারা আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যৌথ উদ্যোগে বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হবে। পাশাপাশি সিলেট শহরে একটি আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার দিকেও কাজ এগিয়ে নেওয়া হবে।