ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক সি-ফুড উৎসব ‘ওশেনিক ট্রেজারস’ সি-ফুড ফেস্ট’। রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকা-এ আয়োজিত এই উৎসবের উদ্বোধন হয় ২৯ এপ্রিল ২০২৬।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন। তিনি বলেন, নরওয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সি-ফুড রপ্তানিকারক দেশ। দেশটির দীর্ঘ উপকূল ও ঠান্ডা, স্বচ্ছ পানি মাছ উৎপাদনের জন্য উপযোগী। বিশেষ করে আটলান্টিক স্যামন উৎপাদনে নরওয়ে বিশ্বে শীর্ষে। বৈশ্বিক সরবরাহের অর্ধেকেরও বেশি আসে সেখান থেকে।
তিনি আরও জানান, নরওয়েজিয়ান স্যামন প্রতিদিন প্রায় ২ কোটি মানুষের খাদ্যতালিকায় স্থান পায়। ১৫০টির বেশি দেশে এই মাছ রপ্তানি হয়। এ কারণে নরওয়েজিয়ান স্যামনকে বিশ্বজুড়ে মানসম্মত খাদ্য হিসেবে বিবেচনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ এবং থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি। এছাড়া ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির সিইও জনাব শাখাওয়াথ হোসেন উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এই উৎসবের মূল আকর্ষণ নরওয়ের আসল স্যামন। বিভিন্ন স্বাদের সি-ফুড আইটেম দিয়ে সাজানো হয়েছে মেনু। অতিথিরা উদ্বোধনের পর খাবার চেখে দেখেন এবং মতামত দেন।
বিশেষজ্ঞরা বলেন, খাবার একটি দেশের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এটি মানুষের পরিচয়, ইতিহাস ও সামাজিক কাঠামো তুলে ধরে। সি-ফুড এই বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করে। এই ধরনের উৎসব দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক সম্পর্কও জোরদার করে।
আয়োজকরা আশা করছেন, এই উৎসব ঢাকার খাদ্যপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে। একই সঙ্গে আন্তর্জাতিক সি-ফুড সংস্কৃতি সম্পর্কে আগ্রহ বাড়াবে।