লন্ডনে অবস্থিত লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে আবারও বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতির কথা জানানো হয়েছে।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. নজরুল ইসলাম আজ বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও প্রধান নির্বাহী অধ্যাপক জুলি হল-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডেপুটি ভাইস-চ্যান্সেলর অধ্যাপক গ্যারি ডেভিস।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে গুরুত্ব পায় বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি এবং দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্ভাব্য সহযোগিতা। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ থেকে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া দ্রুত পুনরায় চালু হবে।
উল্লেখ্য, অতীতে কিছু প্রশাসনিক জটিলতার কারণে এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ ছিল। নতুন করে এই সিদ্ধান্ত কার্যকর হলে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।
এদিকে সফরের অংশ হিসেবে ভারপ্রাপ্ত হাইকমিশনার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী সংগঠনের আয়োজিত পহেলা বৈশাখ উদযাপনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উৎকর্ষ সাধনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, বিদেশে অবস্থান করে দেশের সুনাম বজায় রাখা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের স্থানীয় আইনকানুন মেনে চলতে হবে। একই সঙ্গে অর্জিত জ্ঞান ও দক্ষতা দিয়ে বাংলাদেশ ও যুক্তরাজয়—উভয় দেশের উন্নয়নে অবদান রাখারও আহ্বান জানান তিনি।